বিকাশের টেকনোলজি এক্সিলেন্স স্বীকৃতি পেল হুয়াওয়ে

  • ডিজিটাল আর্থিক সেবার প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে স্বীকৃতি
  • ৮ কোটির বেশি ব্যবহারকারীর সেবায় দীর্ঘদিনের প্রযুক্তি অংশীদারত্ব

বিকাশের টেকনোলজি এক্সিলেন্স স্বীকৃতি পেল হুয়াওয়ে
২৩ জুলাই, ২০২৬ ১৭:২৯  

দেশের ডিজিটাল আর্থিক সেবার প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বিকাশ আয়োজিত ষষ্ঠ ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ ‘টেকনোলজি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। বাংলাদেশজুড়ে ৮ কোটি ৪০ লাখের বেশি ব্যবহারকারীর জন্য ডিজিটাল আর্থিক সেবার প্রযুক্তি সরবরাহ ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়।

বিকাশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত বার্ষিক এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে মোট ১৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। আয়োজকদের মতে, এসব প্রতিষ্ঠান দেশের কোটি কোটি মানুষের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) আরও সহজলভ্য, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুল আলম হুয়াওয়ের প্রযুক্তিগত দক্ষতা, কমপ্লায়েন্স, সততা এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের প্রশংসা করেন।

মোহাম্মদ রাশেদুল আলম বলেন, “হুয়াওয়ের মতো অংশীদাররা সুনিয়ন্ত্রিত কমপ্লায়েন্স, সর্বোচ্চ নিষ্ঠা এবং সহযোগিতামূলক অংশীদারত্ব নিশ্চিত করে আমাদের কোটি কোটি ব্যবহারকারীর জন্য আরও উন্নত সেবার অভিজ্ঞতা দিতে সহায়তা করেছে।”

হুয়াওয়ে বাংলাদেশের অ্যাকাউন্ট ডিরেক্টর ডু কংকং বলেন, “এই স্বীকৃতি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে আমাদের দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতিফলন। বিকাশের সঙ্গে আমরা এমন একটি প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে কাজ করে যাব, যা আধুনিক আর্থিক সেবার মাধ্যমে দেশের মানুষের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।”

প্রায় এক দশক ধরে হুয়াওয়ে ও বিকাশ বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণে একসঙ্গে কাজ করছে। বিকাশের অন্যতম প্রধান প্রযুক্তি অংশীদার হিসেবে হুয়াওয়ে আধুনিক, নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তিগত অবকাঠামো সরবরাহ করছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রতিষ্ঠানটির সমন্বিত হার্ডওয়্যার ও সফটওয়্যার সমাধানের ওপর ভিত্তি করে বিকাশের মূল ফিনটেক ই-ওয়ালেট প্ল্যাটফর্ম পরিচালিত হয়। এ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ব্যক্তি-থেকে-ব্যক্তি অর্থ স্থানান্তর এবং ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সম্পন্ন হচ্ছে। বর্তমানে ৮ কোটি ২০ লাখের বেশি নিবন্ধিত ব্যবহারকারী এ প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল আর্থিক সেবা গ্রহণ করছেন।
//ডিবিটেক/কেআই/এসএমই//