ভর্তি না থাকায় প্রশিক্ষণ অনুমোদন বাতিলের আগে শেষবারের মতো ব্যাখ্যা চাওয়া

১,০৮৫ প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলে চূড়ান্ত তাগিদ কারিগরি বোর্ডের

  • ১,০৮৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে চূড়ান্ত নোটিশ
  • সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ
  • জবাব না দিলে অনুমোদন ও কোর্স নিবন্ধন বাতিল

১,০৮৫ প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলে চূড়ান্ত তাগিদ কারিগরি বোর্ডের
২০ জুলাই, ২০২৬ ১৬:২২  

ডিজিটাল শিক্ষা ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) শিক্ষাক্রম পরিচালনাকারী ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের আগে চূড়ান্ত তাগিদ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না করায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বোর্ড।

২০ জুলাই, সোমবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চূড়ান্ত তাগিদপত্রে এ তথ্য জানানো হয়।

বোর্ডের আদেশে বলা হয়েছে, জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রম পরিচালনাকারী যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি, সেসব প্রতিষ্ঠানের জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশন থেকে ভর্তি কার্যক্রম কেন স্থগিত করা হবে না এবং পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে এর আগে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

সর্বশেষ ১ জুলাই জারি করা নোটিশে ১০ জুলাইয়ের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হলেও সংশ্লিষ্ট ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠানের কোনোটি এখন পর্যন্ত বোর্ডে জবাব দেয়নি।

এ অবস্থায় বোর্ড সর্বশেষ নোটিশকে ‘চূড়ান্ত তাগিদ’ হিসেবে গণ্য করে আগামী সাত কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ উল্লেখ করে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যাখ্যা না পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এ বিষয়ে কোনো বক্তব্য নেই বলে বিবেচনা করা হবে। এরপর প্রচলিত বিধি-বিধান অনুযায়ী পাঠদান অনুমোদন বাতিল, সংশ্লিষ্ট কোর্সের নিবন্ধন বাতিল এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুমোদন বাতিলের প্রক্রিয়ায় থাকা ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
//ডিবিটেক/ এসএইচ/ এসএমই//