ই-পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে যুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’
বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’সহ নতুন জলছাপ যুক্ত এবং কয়েকটি পুরোনো জলছাপ বাদ দেওয়া হয়েছে।
বাংলাদেশের ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে নতুন জলছাপে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ যুক্ত করে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহীদ ওয়াসিম আকরামের প্রতীকী ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরগমন-৪ শাখা থেকে ১৯ জুলাই, রবিবার জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা আদেশে বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান জলছাপ পুনর্বিন্যাস, পরিবর্ধন ও সংশোধনের মাধ্যমে নতুন নকশা অনুমোদন করা হয়েছে।
নতুন জলছাপে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে তিন শহীদের প্রতীকী ছবি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা প্রতীকী ছবি, উত্তরার আজমপুরে পানি হাতে দাঁড়িয়ে থাকা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের প্রতীকী ছবি।
এ ছাড়া নতুন ই-পাসপোর্টে সব ধর্মের প্রতীকও সংযোজন করা হয়েছে। একই সঙ্গে ২০১৯ সালে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহাল করা হয়েছে। ফলে নতুন ইস্যু হওয়া পাসপোর্টে আবারও উল্লেখ থাকবে—বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২০ সালে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটি পুনর্বহালের দাবি ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার ই-পাসপোর্টের নকশা পর্যালোচনা করে কয়েকটি পরিবর্তনের উদ্যোগ নেয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সংশোধিত নকশা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।
নতুন ই-পাসপোর্টের জলছাপে জাতীয় পরিচয়ের বিভিন্ন প্রতীক ও ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজার সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানামনগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’ স্থান পেয়েছে।
অন্যদিকে, নতুন নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মুজিবনগর স্মৃতিসৌধের জলছাপ বাদ দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে ৪৮ ও ৬৪ পৃষ্ঠার সব নতুন ই-পাসপোর্টে সংশোধিত জলছাপ ও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ সংযোজন করা হবে। তবে বর্তমানে ব্যবহৃত পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন সংস্করণের ই-পাসপোর্ট পাবেন।
//ডিবিটেক/জেএনও/এনএন//





