চসিকের প্রযুক্তিনির্ভর ওয়ান-স্টপ নাগরিক সেবা অ্যাপের উদ্বোধন
১৮ জুলাই চালু হচ্ছে 'আমাদের চট্টগ্রাম' অ্যাপ
- বিনামূল্যের অ্যাপটি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সিএসআর তহবিল থেকে তৈরি
- নাগরিক ভোগান্তি ও সেবার ১০টি বিষয়ে ছবিসহ অভিযোগ করা যাবে
কয়েক দফা উদ্বোধনের দিনক্ষণ পিছিয়েছে নানা জটিলতায়। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধন হতে যাচ্ছে ১৮ জুলাই, শনিবার। এই উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামের স্থানীয় সরকার ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।
প্লে স্টোর থেকে অ্যাপটি বিশ্লেষণ করে দেখা গেছে, এতে নাগরিক সমস্যা জানানোর জন্য ১০টি প্রধান বিষয় রাখা হয়েছে—রাস্তা, মশা, আবর্জনা, সড়কবাতি, নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা, শিক্ষা এবং স্বাস্থ্য। রাস্তার বিষয়ে তথ্য বা অভিযোগ দিতে চাইলে সরাসরি ছবি তোলার অপশন রাখা হয়েছে এবং সেই সাথে লোকেশন দিতে হবে। সমস্যার ধরনের মধ্যে রয়েছে—ম্যানহোল, রাস্তাপৃষ্ঠ, ফুটপাত ও ড্রেন স্ল্যাব। এছাড়া মশা বিভাগে মশা বা লার্ভা সংক্রান্ত সমস্যা এবং মশা সংক্রামিত রোগীর রিপোর্ট জমা দেওয়ার দুইটি সুযোগ রয়েছে।
চট্টগ্রামের সমাধান কাউন্টারে অভিযোগের মোট সংখ্যা, সমাধান ও প্রক্রিয়াধীন বিষয়গুলো লাইভ জানানো হবে। জরুরি যোগাযোগ বিভাগে প্রয়োজনীয় নম্বর, অ্যালার্ট ও ৯৯৯ রাখা হয়েছে। শহর পরিষেবা বিভাগে নারী ও শিশু, চসিক স্কুল হেলথকার্ড, প্রত্যয়নপত্র, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও জন্ম সনদ রাখা হয়েছে।
এতে দৈনিক অনুষ্ঠান ও আবহাওয়া বার্তাও থাকবে। অ্যাপ থেকে নিকটস্থ বাসস্ট্যান্ড, গণশৌচাগার, এসটিএস, কবরস্থান, মাতৃসদন, ফার্মেসি, থানা, ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতাল, পার্কিং, এটিএম, পার্ক ও কমিউনিটি সেন্টারের তথ্য ও গুগল ম্যাপে লোকেশন দেখার সুযোগ রয়েছে।
চসিক বিভাগে মেয়রের জীবনবৃত্তান্ত, প্রধান নির্বাহীর পরিচিতি, বিভাগীয় প্রধানদের নাম, মোবাইল ও ইমেল, কাউন্সিলর, চসিকের সব কার্যালয়ের ঠিকানা, দূরত্ব ও গুগল ম্যাপ এবং চসিকের ওয়েবসাইট ও ফেসবুক পেজের লিংক সংযুক্ত রয়েছে।
সূত্রমতে, অ্যাপটি তৈরিতে চসিকের কোনো নিজস্ব অর্থ খরচ হয়নি। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলি (CSR) খাত থেকে এটি তৈরি করা হয়েছে এবং কারিগরি রূপদান করেছে ভেনটো টেক। মেয়র মনে করেন, এই অ্যাপ চালুর মাধ্যমে নাগরিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করার প্রত্যয়ে চসিক একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে।
//ডিবিটেক/ ডিপিও/এসএমআই//





