ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণে ব্যর্থ হয়ে ফের বিজ্ঞাপনে ঝুঁকছে নেটফ্লিক্স

ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণে ব্যর্থ হয়ে ফের বিজ্ঞাপনে ঝুঁকছে নেটফ্লিক্স
১৬ এপ্রিল, ২০২৬ ১৪:২৩  

বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ব্যবসায়িক কৌশলে বড় পরিবর্তন আসছে। ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণের ব্যর্থ চেষ্টার পর প্রতিষ্ঠানটি এবার তাদের বিজ্ঞাপনভিত্তিক সাবস্ক্রিপশন এবং মূল কনটেন্ট তৈরির দিকেই পুরোদমে মনোযোগ দেবে।

গত মাসে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে কেনার লড়াইয়ে হেরে যায় নেটফ্লিক্স। ওরাকল ও সফটব্যাংকের সঙ্গে অংশীদার হয়ে ডেভিড এলিসন ১১০ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনে নেয়। ফলে ‘গেম অব থ্রোনস’ ও ‘ফ্রেন্ডস’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নেটফ্লিক্সের হাতে না গিয়ে প্যারামাউন্ট স্কাইড্যান্সের কাছে চলে যায়। এই ব্যর্থতার পর নেটফ্লিক্সের শেয়ার ১৩ শতাংশ বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ব্যবসা বাড়ানোর পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রথম প্রান্তিকের আয় প্রকাশের সময় নেটফ্লিক্স প্রধান নির্বাহী টেড সারান্ডোস ও গ্রেগ পিটার্স নতুন পরিকল্পনার কথা জানাবেন। এলএসইজি’র তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে নেটফ্লিক্সের আয় ১২.১৮ বিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে বিজ্ঞাপন থেকে আয় ৬৩৪ মিলিয়ন ডলার। 

প্রতিষ্ঠানটি মার্চ মাসে যুক্তরাষ্ট্রে সাবস্ক্রিপশন মূল্য বাড়িয়েছে, যা তাদের বার্ষিক আয়ের পূর্বাভাস আরও বাড়াতে পারে। দাম বাড়ার ফলে অনেকে বিজ্ঞাপনভিত্তিক সাবস্ক্রিপশনে চলে আসতে পারেন। 

গ্যাবেলি ফান্ডসের পোর্টফোলিও ম্যানেজার জন বেলটন বলেন, “বিজ্ঞাপন ব্যবসার নতুন ধাপে পা দিচ্ছে নেটফ্লিক্স, যেখানে তারা বিশ্বের অন্যতম বৃহৎ বৈশ্বিক বিজ্ঞাপন প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।”

নেটফ্লিক্স সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের ওপরও জোর দিচ্ছে। সম্প্রতি সিউলের কনসার্ট থেকে দক্ষিণ কোরিয়ার সংগীত দল বিপিএস-এর কনসার্ট সরাসরি সম্প্রচার করে ১৮.৪ মিলিয়ন দর্শক টানে নেটফ্লিক্স। এছাড়া ২০২৬ সালের ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকও সবচেয়ে বেশি দেখা বেসবল খেলায় পরিণত হয়েছে।

গোল্ডম্যান শ্যাকসের বিশ্লেষক মাইকেল এনজি মনে করেন, বিজ্ঞাপনভিত্তিক সাবস্ক্রিপশন থেকে নেটফ্লিক্সের রাজস্ব ২০২৭ সালের মধ্যে প্রায় ১০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ওয়ার্নার ব্রাদার্সের মতো বড় চুক্তি হাতছাড়া হলেও নিজস্ব শক্তিতেই নতুন উচ্চতায় যেতে প্রস্তুত নেটফ্লিক্স।

ডিবিটেক/বিএমটি  ।   সূত্র: রয়টার্স