এআই প্রভাবে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন বিক্রিতে রেকর্ড

এআই প্রভাবে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন বিক্রিতে রেকর্ড
৩০ নভেম্বর, ২০২৫ ২১:১৭  

যুক্তরাষ্ট্রে এ বছর ব্ল্যাক ফ্রাইডে অনলাইন বিক্রি নতুন রেকর্ড গড়েছে। অ্যাডোবি অ্যানালিটিক্স–এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অনলাইনে বিক্রি হয়েছে ১১.৮ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৯.১% বেশি। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা–চালিত কেনাকাটা সহায়ক টুল ও চ্যাটবটগুলোই এই প্রবৃদ্ধির পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে। খবর রয়টার্স।

অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও শুল্ক-সংক্রান্ত উদ্বেগের কারণে অনেক ক্রেতাই ভিড় এড়িয়ে অনলাইনে কেনাকাটা করেছেন। মাস্টারকার্ড স্পেন্ডিংপালস জানায়, ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন বিক্রি বেড়েছে ১০.৪%, যেখানে দোকানে বিক্রি বেড়েছে মাত্র ১.৭%।

অ্যাডোবি বলছে, এআই–চালিত ট্রাফিক গত বছরের তুলনায় ৮০৫% বৃদ্ধি পেয়েছে, কারণ ওয়ালমার্টের ‘স্পার্কি’ ও অ্যামাজনের ‘রুফাস’–এর মতো এআই সহায়ক কেনাকাটা টুল এ বছর প্রথমবারের মতো ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। উপহারের তালিকায় ছিল লেগো, পোকেমন কার্ড, নিনটেন্ডো সুইচ ২, প্লেস্টেশন ৫, অ্যাপল এয়ারপডস, এবং কিচেনএইড মিক্সার।

বিশ্বব্যাপী ব্ল্যাক ফ্রাইডেতে এআই ও এআই–এজেন্টগুলোর প্রভাবে বিক্রি হয়েছে ১৪.২ বিলিয়ন ডলার, যার মধ্যে যুক্তরাষ্ট্রেই ছিল ৩ বিলিয়ন—এ তথ্য দিয়েছে সেলসফোর্স। প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রে মোট অনলাইন ব্যয় ছিল ১৮ বিলিয়ন ডলার।

তবে বিশেষজ্ঞদের মতে, দাম বৃদ্ধির কারণে প্রকৃত ছাড়ের অনুভূতি গত বছরের তুলনায় কম ছিল। মূল্যস্ফীতি ও শুল্কবৃদ্ধির কারণে খুচরা বিক্রেতাদের পক্ষে আগের মতো বড় ছাড় দেওয়া কঠিন হয়ে পড়েছে, ফলে ক্রেতাদের জন্য ব্ল্যাক ফ্রাইডের প্রকৃত মান কিছুটা কমে গেছে।

ডিবিটেক/বিএমটি