এআই চিপের মাধ্যমে প্রতিযোগিতায় ফেরার ইঙ্গিত ইন্টেলের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের বাজারে এনভিডিয়া ও এএমডির আধিপত্যের মধ্যেই ইন্টেল ঘোষণা দিয়েছে তাদের নতুন প্রজন্মের এআই চিপ ‘ক্রেসেন্ট আইল্যান্ড’ আগামী বছর বাজারে আসছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান হোসেতে অনুষ্ঠিত ওপেন কম্পিউট সামিটে এই ঘোষণা দেন ইন্টেলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সাচিন কাট্টি। খবর রয়টার্স।
কাট্টি জানান, নতুন চিপটি মূলত ডেটা সেন্টারের জন্য তৈরি এবং এতে শক্তি খরচ কমিয়ে বেশি কর্মক্ষমতা নিশ্চিত করা হবে। এটি ইনফারেন্স বা এআই অ্যাপ্লিকেশন চালাতে বিশেষভাবে উপযোগী হবে।
ইন্টেল জানিয়েছে, এই চিপে থাকবে ১৬০ গিগাবাইট মেমোরি, যা এনভিডিয়া ও এএমডির চিপে ব্যবহৃত উচ্চ গতির মেমোরির তুলনায় কিছুটা ধীরগতির। তবে ডিজাইনটি ইন্টেলের কনজ্যুমার গ্রাফিক্স প্রসেসরের ওপর ভিত্তি করে তৈরি।
ইন্টেল সিইও লিপ-বু ট্যান জানিয়েছেন, এটি কোম্পানির স্থবির এআই উদ্যোগে নতুন সূচনা আনবে।
উল্লেখ্য, সম্প্রতি এনভিডিয়া প্রায় ৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছে ইন্টেলে, ভবিষ্যৎ পিসি ও ডেটা সেন্টার চিপ যৌথভাবে উন্নয়নের অংশ হিসেবে।
ডিবিটেক/বিএমটি







