বিশ্বব্যাপী ইউটিউবের নতুন ভিডিও প্লেয়ার উন্মুক্ত
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব তাদের সম্পূর্ণ নতুন ভিডিও প্লেয়ার ডিজাইন ও একাধিক ভিজ্যুয়াল উন্নয়ন বৈশ্বিকভাবে চালু করেছে। মঙ্গলবার থেকে নতুন ফিচারগুলো ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হচ্ছে। খবর এনগ্যাজেট।
ইউটিউব জানিয়েছে, নতুন ডিজাইনের ভিডিও প্লেয়ারটিতে আইকন ও ইউজার ইন্টারফেস (ইউআই) আরও পরিস্কারভাবে সাজানো হয়েছে, যাতে ভিডিও দেখার সময় কনটেন্ট ঢেকে না যায়। এটি মোবাইল, ওয়েব ও টিভি ডিভাইস—সব জায়গায় একসঙ্গে চালু হবে। অনেক ব্যবহারকারী গত এক মাস ধরে পরীক্ষামূলকভাবে এই ফিচারটি ব্যবহার করছিলেন।
এছাড়া ভিডিওতে ডাবল-ট্যাপ করে স্কিপ করার ফিচারটি আরও আধুনিক ও সহজভাবে আপডেট করা হয়েছে। মোবাইলে ট্যাব পরিবর্তনের ট্রানজিশনও হয়েছে আরও মসৃণ।
নতুন আপডেটে মন্তব্য বিভাগের উত্তরগুলো এখন থ্রেড আকারে সাজানো থাকবে, যাতে পড়া আরও সুবিধাজনক হয়। পাশাপাশি প্লেলিস্ট ও ওয়াচ লেটার কিউতে ভিডিও যোগ করার প্রক্রিয়াও এখন আরও ভিজ্যুয়াল ও সহজ হয়েছে।
সবশেষে, কিছু ভিডিওতে—বিশেষ করে সংগীত ও ক্রীড়া সংক্রান্ত ভিডিওতে—লাইক বোতামে ক্লিক করলে অ্যানিমেটেড ইফেক্ট দেখা যাবে বলে ইউটিউব জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি







