হুয়াওয়ের চিপ তৈরির পরিকল্পনা প্রকাশ

হুয়াওয়ের চিপ তৈরির পরিকল্পনা প্রকাশ
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:১৬  

চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে প্রথমবারের মতো তাদের চিপ তৈরির অগ্রগতি ও পরিকল্পনা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী তিন বছরের মধ্যে তারা অ্যাসেন্ড এআই চিপের চারটি নতুন সংস্করণ বাজারে আনবে। খবর রয়টার্স।

এ বছরের প্রথম প্রান্তিকে অ্যাসেন্ড ৯১০সি উন্মোচনের পর কোম্পানির ভাইস চেয়ারম্যান এরিক সু ঘোষণা দেন, আগামী বছর আসবে অ্যাসেন্ড ৯৫০–এর দুটি সংস্করণ। এরপর ২০২৭ সালে আসবে অ্যাসেন্ড ৯৬০ এবং ২০২৮ সালে অ্যাসেন্ড ৯৭০।

তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটিং ক্ষমতা সবসময়ই গুরুত্বপূর্ণ, আর চীনের জন্য তা আরও বেশি অপরিহার্য।” অ্যাসেন্ড ৯৫০–তে থাকবে হুয়াওয়ের নিজস্ব হাই–ব্যান্ডউইথ মেমোরি, যা এতদিন শুধু দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সরবরাহকারীর ওপর নির্ভরশীল ছিল।

এছাড়া হুয়াওয়ে নতুন কম্পিউটিং পাওয়ার সুপারনোড ‘অ্যাটলাস ৯৫০’ ও ‘অ্যাটলাস ৯৬০’ বাজারে আনবে। এগুলো যথাক্রমে ৮,১৯২ এবং ১৫,৪৮৮ অ্যাসেন্ড চিপ সমর্থন করবে। 

গবেষণা সংস্থা সেমিআ্যানালাইসিস জানিয়েছে, কিছু ক্ষেত্রে হুয়াওয়ের এই প্রযুক্তি এনভিডিয়ার জিবি২০০ এনভিএল৭২–এর চেয়েও উন্নত।

ডিবিটেক/বিএমটি