ডিসপ্লেসহ মেটার নতুন স্মার্ট গ্লাস উন্মোচন

ডিসপ্লেসহ মেটার নতুন স্মার্ট গ্লাস উন্মোচন
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৮  

সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস তাদের প্রথম ভোক্তাদের জন্য তৈরি বিল্ট-ইন ডিসপ্লেসমৃদ্ধ স্মার্ট গ্লাস উন্মোচন করেছে। বুধবার মেনলো পার্কে কোম্পানির বার্ষিক মেটা কানেক্ট সম্মেলনে প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এই “মেটা রে-বেন ডিসপ্লে” গ্লাস এবং নতুন রিস্টব্যান্ড কন্ট্রোলার প্রদর্শন করেন। খবর রয়টার্স।

গ্লাসটির ডান পাশের লেন্সে ছোট একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যেখানে নোটিফিকেশনসহ কিছু মৌলিক কাজ করা যাবে। ৭৯৯ ডলার মূল্যের এই গ্লাস ৩০ সেপ্টেম্বর থেকে বাজারে আসবে। এর সঙ্গে একটি রিস্টব্যান্ড থাকবে, যা হাতের ইশারাকে কমান্ডে রূপান্তর করে টেক্সট বা কলের জবাব দেওয়া সম্ভব করবে।

জুকারবার্গ গ্লাসটিকে ব্যক্তিগত "সুপারইন্টেলিজেন্স" অর্জনের আদর্শ মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, এগুলো ব্যবহারকারীদের অনুভূতি বজায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা দেবে।

এছাড়া, মেটা নতুন “ওকলি ভ্যানগার্ড” গ্লাসও উন্মোচন করেছে, যা ক্রীড়াবিদদের জন্য তৈরি করা হয়েছে এবং এর দাম ধরা হয়েছে ৪৯৯ ডলার। এটি গারমিন ও স্ট্রাভার মতো ফিটনেস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে রিয়েল-টাইম প্রশিক্ষণ তথ্য প্রদান করবে।

বিশ্লেষকদের মতে, তাৎক্ষণিকভাবে এই গ্লাসের বিক্রি সীমিত হলেও এটি মেটার ২০২৭ সালের পরিকল্পিত “অরিয়ন” গ্লাসের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

ডিবিটেক/বিএমটি