১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে বইমেলা শুরু

৩১ জানুয়ারি, ২০২১ ১৪:৩৯  
মহামারীর কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে গ্রন্থমেলা ১৮ মার্চ উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। তবে ভাষার মাস ফেব্রুয়ারির চিরায়ত বৈশিষ্ট্য ধরে রাখতে ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শুরু হচ্ছে বইমেলা।  অনলাইন এই বই মেলা চলবে ২৮ দিন। আর মেলা চলা কালে প্রতিদিন রাত ১১টায় আমাদের ফেসবুক পেজ থেকে লেখক, প্রকাশক ও পাঠকদের সঙ্গে যুক্ত হয়ে চলবে বই নিয়ে আলোচনা। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অমর একুশে উপলক্ষ্যে অনলাইন গ্রন্থমেলা (boionlinebd.com) উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় বইমেলা সত্ত্বাধিকারী রবিন আহসান উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ এখন ডিজিটাল, দেশের ১১ কোটিরও বেশি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। ফলে দেশের বহু মানুষের কাছে অনলাইনে পৌঁছানো সম্ভব। অনলাইনে যখন বইমেলা হবে, সেখানে বইয়ের পরিচিতি তুলে ধরবে, বইয়ের লেখকদের নিয়ে এসে তাদের বক্তব্য প্রচার করবে, এতে যে কেউ যে কোনো প্রান্ত থেকে বসেই এতে যুক্ত হতে পারবেন। কেননা এখন অনলাইনে বই পড়া যায়। বিমানে বসেও অনলাইনে বই পড়তে পারেন, বইকে বহন করতে হবে সে রকম বাধ্যবাধকতা এখন সবক্ষেত্রে নেই।