ষষ্ঠ আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব শুরু

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:১৯  
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনের আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসর। আসরের উদ্বোধন করেন ইউল্যাবের উপাচার্য এইচ এম জহিরুল হক। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (এমএসজে) প্রধান জুড উইলিয়াম জেনিলো উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, আবদুল কাবিল খান, জ্যেষ্ঠ প্রভাষক নন্দিতা তাবাসসুম প্রমুখ। উৎসবের বিচারক ও জুরিবোর্ডের চেয়ার প্রযোজক-নির্মাতা আরিফুর রহমান, নেপালের চলচ্চিত্রকার-সাংবাদিক দেভাকি বিসত ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ মোবাইল চলচ্চিত্রের সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। উৎসবের প্রথম দিন স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে মোবাইলে ধারণকৃত চলচ্চিত্র স্ক্রিনিংয়ের পাশাপাশি ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘দ্যা আর্ট অব স্মার্টফোন সিনেমাটোগ্রাফি’ শীর্ষক বিশেষ কথোপকথন অনুষ্ঠিত হয়।