মানুষের মতো দাবা খেলবে এআই ‘মায়া’

২৭ জানুয়ারি, ২০২১ ১৩:৪৫  
দাবা খেলায় ১৫ বছর আগেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে হারিয়েছে মানুষ। এরপর আর মানুষের চালের কাছে দাঁড়াতে পারেনি। তাই এবার মানুষকে হারানোর জন্য নয়, উল্টো মানুষের মতো দাবা খেলা শিখেছে এআই দাবাড়ু- ‘মায়া’। খেলার সময় সবচেয়ে ভালো চাল না দিয়ে পরিস্থিতি বিবেচনায় মানুষ যে চাল দিতে পারে সে চালটি দেওয়ার চেষ্টা করে সে। কর্নেল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টরোন্টো এবং মাইক্রোসফটের একটি গবেষক দল তৈরি করেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার দাবাড়ুকে। ডিপমাইন্ডের আলফাজিরো ভিত্তিক ওপেন-সোর্স প্রক্রিয়া ‘লিলা’ ব্যবহার করে ‘মায়া’ তৈরি করেছেন তারা। এমনটাই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট। প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের খেলা কোটি কোটি অনলাইন গেমের চাল শেখানোরা মাধ্যমে গবেষকরা কৃত্রিম বদ্ধিমত্তাটিকে দাবা খেলা শিখিয়েছেন। গবেষকদের মতে এ পন্থায় খেলা শেখানোর কারণে মায়াকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাটির একাধিক সংস্করণকে এক এক দক্ষতা মাত্রায় প্রশিক্ষিত করেছেন গবেষকরা। দক্ষতা মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মায়ার চালে নির্ভুলতাও বেড়েছে। ভিন্ন ভিন্ন দক্ষতা মাত্রায় খেলোয়াড়রা কী ধরনের ভুল করেন তা বুঝতে এবং কোন দক্ষতা মাত্রায় মানুষ ভুল করেন না তা চিহ্নিত করতে পারছে। সবমিলিয়ে মানুষের সঙ্গে খেলার জন্য ৯টি বট ডিজাইন করেছেন গবেষকরা। বটগুলোর রেটিং ১,১০০ থেকে ১,৯০০ এর মধ্যে। ডিসেম্বরে লিচেস ডট অর্গের ওয়েবসাইটে মায়াকে নিয়ে এসেছিলেন গবেষকরা। প্রথম সপ্তাহেই কৃত্রিম বুদ্ধিমত্তাটির বিরুদ্ধে ৪০ হাজার বার খেলেছেন মানুষ। খেলার অর্ধেকটারও বেশি জুড়ে মায়ার খেলার সঙ্গে মানুষের খেলার মিল পাওয়া গেছে।