বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ কমেছে!

১০ মে, ২০১৯ ০১:৪৩  
এ বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী ৩৩০ মিলিয়ন ইউনিট স্মার্টফোন সরবরাহ হয়েছে, যা বার্ষিক গড় তুলনায় ৪ শতাংশ কম। স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্সের সর্বশেষ প্রকাশিত গবেষণায় এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গবেষণা অনুযায়ী, বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার একটি স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে। ২২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে প্রথম স্থানে রয়েছে স্যামসাং। এর পরেই রয়েছে হুয়াওয়ে এবং অ্যাপল। স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্সের নির্বাহী পরিচালক নীল মাওস্টন বলেন, প্রথম প্রান্তিকে স্যামসাং বিশ্বব্যাপী ৭১.৮ মিলিয়ন স্মার্টফোন সরবরাহ করেছে, যা গত বছরের তুলনায় ৮ শতাংশ কম। স্যামসাং প্রথম অবস্থানে থাকলেও হুয়াওয়ের কারণে চাপের মধ্যে পড়ছে। কারণ হুয়াওয়ের চীনের বাজারে বড় প্রভাব রয়েছে। তিনি জানান, প্রথম প্রান্তিকে হুয়াওয়ে ৩৯.৩ মিলিয়ন স্মার্টফোন বাজারে ছেড়েছে। গত বছরে সংখ্যাটি ছিলো মাত্র ৩৯.৩ মিলিয়ন। প্রথম প্রান্তিকে হুয়াওয়ে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে ১৮ শতাংশ শেয়ার ধরতে পেরেছে। মূলত চীন, পশ্চিম ইউরোপ এবং আফ্রিকায় শক্তিশালী অবস্থানের কারণে অ্যাপলকে ছাড়িয়ে স্যামসাংয়ের অবস্থানের দিকে যাচ্ছে হুয়াওয়ে। আইডিসির প্রকাশিত মোবাইল ফোন ট্রাকারেও দেখা গেছে, এ বছরের প্রথম প্রান্তিকে বাজারে স্মার্টফোন সরবরাহের পরিমান ৪.৯ শতাংশ কমেছে। ধারাবাহিত পাঁচ প্রান্তিকে এমনটি ঘটছে বলে জানানো হয়েছে। গত বছরে বিশ্বব্যাপী মোট স্মার্টফোন সরবরাহের পরিমান ছিলো ১.৪ বিলিয়ন ইউনিট। ডিবিটেক/বিএমটি