বিশ্বব্যাপী চালু হচ্ছে ইউটিউবের শর্টস

১২ মে, ২০২১ ০১:০০  
ইউটিউব তাদের প্লাটফর্মে বড় ধরণের হালনাগাদ করেছে। এর মাধ্যমে প্লাটফর্মটির শর্টস নামক শর্ট-ভিডিও শেয়ারিং ফিচারটি বিশ্বব্যাপী চালু হচ্ছে। খবর হিন্দুস্থান টাইমস। অ্যান্ড্রয়েড পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, অধিক সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছাতে বিশ্বব্যাপী শর্টস ফিচারটি উন্মুক্ত করা শুরু হয়েছে। এখন ইউটিউবের মোবাইল অ্যাপের নিচের বাটন সারিতে নতুন শর্টস আইকন দেখা যাবে। মূলত এক্সপ্লোর ট্যাবকে সরিয়ে শর্টস আইকনটি বসানো হয়েছে, আর এক্সপ্লোব ট্যাবকে হোম ফিডের উপরে বসানো হয়েছে। ঠিক কবে নাগাদ সবার কাছে এটি পৌঁছাবে সেটি না জানালেও ধারাবাহিকভাবে শিগগিরই সবার কাছে আপডেটটি পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সকল গ্রাহকের জন্য শর্টস ক্যামেরা চালু করতে পেরে আমরা আনন্দিত। এখন ইউটিউব অ্যাপ থেকে ভিডিও তৈরি করা যাবে। এছাড়া নতুন কিছু ফিচারও চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ১৫ সেকেন্ডের ভিডিও সীমাকে এক মিনিটে উন্নীত করা হয়েছে। যুক্ত হয়েছে নতুন ফিল্টার এবং ইউটিউবের অন্যান্য ভিডিও থেকে অডিও ব্যবহারের সুযোগও। ডিবিটেক/বিএমটি