বাক্কো-কে জামানত বিহীন ঋণ দেবে আইপিডিসি

১২ জুলাই, ২০২০ ১৬:১৫  
দেশের আউটসোর্সিং খাতে জামানত বিহীন ঋণ সুবিধা দেবে বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি। পাশাপাশি যে কোনো ঋণের ক্ষেত্রে দশমিক ৫০ শতাংশ সুদ এবং প্রসেসিং ফি ২৫ শতাংশ কম নেবে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে রবিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাক্কোর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি হয়েছে বলে জানান আইপিডিসি’র প্রধান নির্বাহী মমিনুল ইসলাম। বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাক্কো সভাপতি ওয়াহীদ শরীফ, সহ-সভাপতি তানভীর ইব্রাহীম, আইপিডিসি ডিএমডি রেজওয়ান দাউদ শামস এবং আইপিডিসির আইটি প্রধান আলেয়া ইকবাল। বৈঠকে গত ৫ বছরে আইপিডিসি ১০ গুণ প্রবৃদ্ধি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মমিনুল ইসলাম। অপরদিকেস চলতি বছরের মধ্যেই বেসরকারি কলসেন্টারগুলোর সহায়তায় চলতি বছরেই সাইবার সিকিউরিটি হেলথ ডেস্ক খোলা হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধান অতিথির বক্তব্যে সরকার আউটসোর্সিং এর ক্ষেত্রে সবসময় দেশি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দেয় উল্লেখ করে ব্যাংক-বীমা, টেলকো সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোও তাদেরকে প্রাধান্য দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।