বন্ধ হলো এলজির স্মার্টফোন উৎপাদন

১ জুন, ২০২১ ০০:৩৪  
নিজেদের মোবাইল ব্যবসায়ের ইতি টানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো এলজি। ইতিমধ্যেই এলজির সর্বশেষ ফোন উৎপাদন শেষ হয়েছে। সোমবারের (৩১ মে) পর থেকে এলজি আর কোনো হ্যান্ডসেট তৈরি করবে না বলে এশিয়া বিজনেসের বরাত দিয়ে জানিয়েছে এনগ্যাজেট। গত এপ্রিলের প্রথমদিকে এলজি তাদের ফোন ব্যবসায় বন্ধের পরিকল্পনার ঘোষণা দেয়। তবে টেলিকম কোম্পানিগুলোর সাথে চুক্তি অনুসারে আরও কয়েকমাস হ্যান্ডসেট তৈরি হবে বলে জানানো হয়। এশিয়া বিজনেসের খবরে বলা হয়, এলজির সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরি হওয়া ভিয়েতনামের একটি কারখানাকে গৃহস্থলি পণ্য উৎপাদনের কারখানা হিসেবে রূপান্তর করা হবে। কয়েক বছর ধরে এলজির মোবাইল ডিভিশনে লোকসানের ধারাবাহিকতা বজায় থাকায় জুলাই নাগাদ মোবাইল ব্যবসায়ের ইতি টানার ঘোষণা দেয় কোম্পানিটি। যদিও ঐ সময়ের পর বিদ্যমান থাকা কিছু ডিভাইস বিক্রি চলমান থাকবে বলেও জানানো হয়। যারা শেষ সময়ে এলজি ফোন কিনছেন থাকা সর্বোচ্চ তিন বছর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট পাবেন। এছাড়া উৎপাদনের তারিখ হতে পরবর্তী চার বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা প্রদান করবে এলজি। ডিবিটেক/বিএমটি