ফোল্ডেবল ফোন আনছে মেইজু

৫ জানুয়ারি, ২০২৪ ২১:৪৩  

অ্যাপল ছাড়া শীর্ষস্থানীয় স্মার্টফোন কোম্পানিগুলো ক্রমেই ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে ঝুঁকছে। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথমার্ধেই ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবেশ করতে যাচ্ছে মেইজু। বিশ্বের বিভিন্ন কোম্পানি এরই মধ্যে এ ক্যাটাগরিতে একাধিক ডিভাইস বাজারজাত করেছে। খবর এনগ্যাজেট।

উইবোতে দেয়া এক পোস্টে টিপস্টার স্মার্ট পিকাচু জানান, প্রথম ফোল্ডেবল ডিভাইস বাজারে আনার জন্য মেইজু উদ্যোগ নিয়েছে। ২০২৪ সালের প্রথমার্ধের মধ্যেই এটি বাজারে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মেইজু যে ফোল্ডেবল ডিভাইসের উন্নয়নে কাজ করছে ও এটি বাজারে আনবে সে বিষয়ে আগে থেকেই আলোচনা চলছে। ২০২৩ সালের প্রথমার্ধে এ বিষয়ে আলোচনা আরও বাড়তে থাকে। অনেক প্রতিবেদনে এ উদ্যোগ বাস্তবায়নে মেইজুর দৃঢ় প্রতিজ্ঞার বিষয়টি তুলে ধরা হয়েছিল। ফোল্ডেবল স্ক্রিনের প্রযুক্তিসংক্রান্ত জটিলতা থাকায় বিদায়ী বছরে নতুন ধরনের এ ডিভাইস বাজারজাতের কথা থাকলেও সেটি পিছিয়ে দেয়া হয়।

ডিবিটেক/বিএমটি