ফের স্পেসএক্সের সঙ্গে কাজ শুরু করছে নাসা

৫ নভেম্বর, ২০২১ ২২:২০  
নতুন চন্দ্রযান নির্মাণ করতে ফের স্পেসএক্সের সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন ফেডারেল আদালত ব্লু অরিজিনের মামলা খারিজ করে দেয়ার পর এই বার্তা দিয়েছে সংস্থাটি। নাসা বলেছে, “যতো দ্রুত সম্ভব স্পেসএক্সের সঙ্গে পুনরায় কাজ শুরু” করবে তারা। “প্রতিযোগিতা ও চাঁদের বুকে ক্রুবাহী বাহন পাঠানোর বাণিজ্যিক প্রস্তুতি জোরদার করতে” একাধিক মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেছে নাসা। এদিকে সরকারপক্ষের আইনজীবিদের মামলা খারিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের ‘কোর্ট অফ ফেডারেল ক্লেইমস’ এর বিচারক রিচার্ড হার্টলিং। তবে মামলা খারিজ করার পেছনে বিচারকের কারণগুলো সবার জন্য উন্মুক্ত নথি হিসেবে প্রকাশ করা হয়নি। মামলার অনেক বিষয়ই গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এর আগে গত ১৬ আগস্ট নতুন চন্দ্রযান নির্মাণ চুক্তি স্পেসএক্স জিতে নেওয়ায় মার্কিন আদালতে মামলা করেছিল অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। এরপর উভয় কোম্পানির সম্মতিতে ১ নভেম্বর থেকে নতুন চন্দ্রযানের নির্মাণ প্রকল্প বন্ধ রেখেছিল নাসা। এবার মামলাটি খারিজ হওয়ায় প্রতিষ্ঠাতা জেফ বেজোস টুইট করেছেন, “এই সিদ্ধান্ত আমরা চাইনি। কিন্তু আদালতের সুবিচারের উপর শ্রদ্ধা আছে আমাদের। চুক্তি নিয়ে নাসা ও স্পেসএক্সের পূর্ণ সাফল্য কামনা করছি আমরা।” প্রসঙ্গত, গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ‘গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস (জিএও)”-এ পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল ব্লু অরিজিন। সেবারও নাসার পক্ষ নিয়েছিল জিএও।