ফের চালু ১ ও ৩ দিনের ডেটা প্যাকেজ

২৯ জুলাই, ২০২৪ ১৪:৪৮  

নয় মাস পর ফের চালু হলো মোবাইল ফোন গ্রাহকের জন্য এক দিন ও তিন দিন মেয়াদে ডাটা প্যাকেজ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদে পলকের দেয়া নির্দেশনা অনুযায়ী রবিবার মধ্য রাত থেকে প্রিপেইড ও পোস্টপেইড মিলে এক দিন ও তিন দিন মেয়াদি ডাটা প্যাকেজ অফার করেছে বাংলালিংক। ৩১ থেকে ৫৪ টাকার মধ্যে এই দুইটি প্যাকেজ কিনতে পারছেন গ্রাহক।

তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে কোনো অপারেটরেই এ বিষয়ক নির্দেশনা পায়নি বলে অপারেটরদের সঙ্গে কথা বলে জানাগেছে। রবিবার প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোমবার এক দিন ও তিন দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালু করেছে রবিও। তবে ধীরে চলো নীতিতে আছে শীর্ষ অপারেটর গ্রামীণফোন।

প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলালিংক সেবাটি চালু করেছে জানিয়েছে অপারেটরটির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। আজই প্যাকেজ চালুর কথা নিশ্চিত করেছেন রবি’র গণযোগাযোগ শাখা। মাই রবি অ্যাপে নতুন প্যাকেজ যুক্ত করা হয়ছে বলে জানানো হয়েছে।

কিন্তু গ্রামীণফোন বিটিআরসি’র নির্দেশনা না পওয়ায় ধীরে চলো নীতিতে রয়েছে জানিয়ে বলেছে, "গ্রামীণফোনের মোবাইল ইন্টারনেট সেবা সচল হয়েছে। যে সকল গ্রাহকদের ইন্টারনেট প্যাকের মেয়াদ শেষ হয়েছে সেই সকল গ্রাহকদের ৭২ ঘন্টা মেয়াদে ৫ জিবি ইন্টারনেট ফ্রি দেয়া হচ্ছে।"

অবশ্য সোমবার সকালে মোবাইল ফোন গ্রাহকের জন্য এক দিন ও তিন দিন মেয়াদে ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, গত বছরের ১৫ অক্টোবর থেকে মোবাইল গ্রাহকের জন্য তিন দিন ও ১৫ দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে ৭, ৩০ ও আনলিমিটেড এ তিন মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেওয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ৭ কোটি গ্রাহকের পছন্দ তিন দিন মেয়াদি প্যাকেজ। রবিবাররের বৈঠকে সংযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রাহককে তিন দিনের জন্য ৫জিবি ডাটা ফেরত দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী। যেহেতু ৭ দিনের নিচে কোনো ডাটা প্যাকেজ ছিলো না সেজন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি।

বিষয়টি নিয়ে বিটিআরসি’র গণ শুনানিতে ব্যাপক অভিযোগ ওঠেছিলো। নানা সময়ে সরব ছিলো মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সবশেষ রবিবার রাতে সংগঠনটির পক্ষ থেকে দেয় বিটিআরসি এবং প্রতিমন্ত্রী অপারেটরদের সাথে নিয়ে গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডাটা ফেরত দেয়ার সম্পর্কিত যেই সিদ্ধান্ত প্রদান করেছে তা প্রত্যাখ্যান করে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেবার আগে জাতির বৃহত্তর স্বার্থে ১৩ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ রক্ষায় গ্রাহকদের সাথে কমিশনের কথা বলা প্রয়োজন ছিল। কিন্তু তারা তা না করে ব্যবহৃত ডাটা ইন্টারনেট চালু সাথে সাথে প্রদান না করে ৫ জিবি ইন্টারনেট ডাটা তিনদিনের জেটি দিয়েছে তা এক প্রকার ভিক্ষা দেওয়ার মতো। যারা ১০ ও ২০ জিবি ইন্টারনেট ডাটা ব্যবহার করেন তারা এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতারিত হয়েছেন।

বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে দেশে মোবাইল সিমের গ্রাহকসংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে। বর্তমানে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে চারটি মোবাইল কোম্পানি। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবির ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংকের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ও টেলিটকের ৬৪ লাখ ৬০ হাজার।