পহেলা বৈশাখ থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর

১২ এপ্রিল, ২০২৩ ১২:০০  

আগামী পহেলা বৈশাখ ১৪৩০ (১৪ এপ্রিল ২০২৩) থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা কার্যকর হচ্ছে। গত ২৯ মার্চ তারিখ ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা বাস্তবায়নে বুধবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমকে অধিকতর জনবান্ধব করার লক্ষ্যে আগামী ১লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ হতে ভূমি উন্নয়ন কর অনলাইন তথা মোবাইল পেমেন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভূমি উন্নয়ন কর আদায়ের সেবাকে ক্যাশলেস হিসাবে পূর্ণাঙ্গভাবে ডিজিটালরূপে বাস্তবায়নে সকল ভূমি মালিককে (ব্যক্তি ও সংস্থাসমূহ) যথাসময়ে ও নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনুরোধ করা যাচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভূমি মালিক হিসাবে ভূমি উন্নয়ন কর পরিশোধে land.gov.bd ওয়েব পোর্টালে নাগরিক নিবন্ধনপূর্বক ভূমি উন্নয়ন কর পরিশোধ করে অনলাইনে দাখিলা সংগ্রহ করুন। বিস্তারিত জানতে ১৬১২২ নম্বরে কল করুন (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) অথবা সরাসরি মেসেজ পাঠান www.facebook.com/land.gov.bd ফেসবুক পেজে।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর ২০২২ তারিখ থেকে ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থা বাস্তবায়ন করে ভূমি মন্ত্রণালয়।