নেটফ্লিক্স জিতলো দুই অস্কার

১০ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৪৮  
অস্কার জিতে নতুন ইতিহাস গড়লো ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। অস্কারের মঞ্চে ঝুলিতে পুরলো ২টি অস্কার। সেরা সাপোর্টিং রোল ও ডকুমেন্টারি ফিচার ফিল্মের পুরস্কার জিতল নেটফ্লিক্সের অরিজিনাল কনটেন্ট ‘ম্যারেজ স্টোরি’ এবং  ‘আমেরিকান ফ্যাক্টরি’। অস্কারে এবার নেটফ্লিক্সের ২৪টি কনটেন্ট মনোনয়ন পায়। এরমধ্যে অরিজিনাল কনটেন্ট ‘ম্যারেজ স্টোরি’ সিনেমাটি ৬টি মনোনয়ন পেয়েছিল। এরমধ্যে বেস্ট সাপোর্টিং রোল ক্যাটেগরিতে লরা ডার্ন এবং ‘আমেরিকান ফ্যাক্টরি’ বেস্ট ডকুমেন্টারি ফিচার বিভাগে পুরস্কার পেয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা ডকুমেন্টারির প্রোডাকশনের সঙ্গে জড়িত ছিলেন। অন্যদিকে নেটফ্লিক্সের আরেক সিনেমা ‘দ্য আইরিশ ম্যান’ ১০টি মনোনয়ন পেলেও কোনো পুরস্কার পায়নি। কিন্তু গত বছরের নেটফ্লিক্সের সিনেমা রোমা সেরা সিনেমাটোগ্রাফি, ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ও বেস্ট ডিরেক্টরের পুরস্কার অর্জন করে। তবে ৯২তম অস্কারে দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট সেরা সিনেমা হিসেবে অস্কার পেয়ে বাজিমাত করেছে। এর সঙ্গে সিনেমাটির পরিচালকও পুরস্কার পেয়েছেন। আর জোকার খ্যাত জোয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা এবং রেনি জেলওয়েগার সেরা অভিনেত্রী হয়েছেন।