নির্ভুলতার স্বীকৃতি পেলো ডিজিবাংলা
অনলাইন পোর্টালে সঠিক খবর প্রকাশের তালিকায় স্থান করে নিয়েছে দেশের একমাত্র তথ্য-প্রযুক্তি, টেলিকম ও ইয়্যুথ বিষয়ক দ্বিভাষিক পোর্টাল ডিজিবাংলা। পোর্টালটি সঠিক খবর পরিবেশনে জায়গা করে নিয়েছে দেশের শীর্ষ স্থানীয় দৈনিক ডেইলি স্টার, আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলা, ভয়েস অব আমেরিকা ও দেশী পোর্টাল বাংলা ট্রিবিউনসহ মোট ৫৭টি অনলাইন পোর্টালের মধ্যে। তবে ভুল তথ্য প্রকাশের কাতারে নতুন করে যুক্ত হয়েছে ১৮টি নিউজ পোর্টাল। অবশ্য এগুলোর কোনোটায় খুব বেশি পরিচিত নাম নয়।
সোমবার বিকেলে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত বাংলাদেশী ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার প্রকাশিত ‘গণমাধ্যমে প্রথম ছয় মাসের ভুল তথ্যের পরিসংখ্যান ২০২৪’ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
অর্ধবার্ষিক এই প্রতিবেদন অনুযায়ী, গত মার্চ মাসে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রকাশ পেয়েছে দেশের অনলােইন পোর্টালগুলোতে। এই মাসে সর্বোচ্চ ২২টি ভুল তথ্য (২৮ শতাংশ) শনাক্ত হয়েছে। আর ভুল তথ্য ছড়ানোয় শীর্ষে ছিলো দৈনিক কালবেলা। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশিত সংবাদগুলো বিশ্লেষণ করে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২০টি ভুল সংবাদ প্রচারের প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার৷ এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচটি ভুল সংবাদ প্রচার হয়েছে ধর্মীয় বিষয়ে, শতকরা হিসেবে যা প্রায় ২৫ শতাংশ।
মাস ভিত্তিক বিশ্লেষণে এপ্রিলে ভুল খবর শনাক্ত হয়েছে ১৪টি (১৮ শতাংশ)। সবচেয়ে কম ভুল তথ্য শনাক্ত হয়েছে ফেব্রুয়ারিতে, ৭টি। মোট ৭৮টি প্রতিবেদনকে ভুল হিসেবে শনাক্ত করে এই প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
প্রতিবেদনগুলোর মধ্যে ৪১টি মিথ্যা, ৩৫টি বিভ্রান্তিকর এবং ২টি বিকৃত তথ্যকে সত্য তথ্য হিসেবে গণমাধ্যমে প্রচার করা হয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এসব ঘটনায় মিথ্যা তথ্য প্রচারের হার ছিল প্রায় ৫২ শতাংশ। তাছাড়া, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর হার প্রায় ৪৫ শতাংশ।
সবচেয়ে বেশি ভুল সংবাদ প্রচারিত হয়েছে জাতীয় বিষয়ে (১৪টি), শতকরার হিসেবে যা ১৮ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক বিষয়ে ভুল সংবাদ প্রচার হতে দেখা গেছে (১৩টি)। খেলাধুলা ও ধর্মীয় বিষয়ে ভুল সংবাদ প্রচারের সংখ্যা ছিল ১১টি, যা তৃতীয় সর্বোচ্চ। এর বাইরে পরিবেশ ও জলবায়ু বিষয়ে ৯টি, রাজনীতি বিষয়ে ৭টি, বিনোদন বিষয়ে ৬টি, শিক্ষা বিষয়ে ৩টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ২টি ভুল সংবাদ প্রচার করা হয়েছে। স্বাস্থ্য ও প্রতারণা বিষয়ে সমানসংখ্যক (একটি করে) ভুল সংবাদ প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি এবং পরিবেশ ও জলবায়ু ক্যাটাগরিতে একটি করে ভুল সংবাদ পাওয়া গেছে। এরমধ্যে ফেসবুক ডাউনের ঘটনায় ব্যবহারকারীদের ‘চিল’ করতে বলেননি মার্ক জাকারবার্গ খবরটি ভুল করেছে দেশের প্রথম সারির সব দৈনিক, অনলাইন ও টেলিভিশনও। তবে সবার আগে তথ্যপ্রযুক্তির খবর দিয়েও এক্ষেত্রে পেশাদাত্বি বজায় রেখেছে ডিজিবাংলা।
এদিকে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’ এর ওয়েবসাইটে প্রথম ছয় মাসে একটি ভুল সংবাদ প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। গত মার্চে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩০০ টন পেঁয়াজ আমদানি শীর্ষক দাবিতে একটি সংবাদ গণমাধ্যমটি প্রচার করে। পরে অনুসন্ধানে দেখা যায়, হিলি স্থলবন্দর দিয়ে সে সময় ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি করা হয়নি। তবে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে চলতি বছরের প্রথম ছয় মাসে কোনো ভুল তথ্য সম্বলিত সংবাদ প্রচারের প্রমাণ মেলেনি।





