দেশের বাজারে ৬টি স্পোর্টস বাইক উন্মোচন

১৯ ডিসেম্বর, ২০২৪ ১৫:৩৩  

‘রাইড দ্য ফিউচার‘ প্রত্যয়ে বাংলাদেশের বাজারে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ৬টি নতুন মডেলের মোটরসাইকেল উন্মোচন করলো সিএফমোটো বাংলাদেশ। মোটর সাইকেলগুলোর অনন্য বৈশিষ্ট এর টিএফটি ডিসপ্লে। এই ডিসপ্লে বোর্ডে কেবল মোটর সাইকেলের গতি, তেলের পরিমাণ, সময় জানার পাশাপাশি ব্লুটুথে সংযুক্ত স্মার্টফোনের ফোনবুক ঘেটে কল করা যায়। তেমনি কল রিসিভ কিংবা কেটেও দেয়াও যায়।

বিপরীত দিক থেকে নিয়ন আলোর সরু পথ বেয়ে হেড লাইট জ্বালিয়ে একে একে চীনের বৈশ্বিক ব্র্যান্ড সিএমএফ মটো’র ৩০০ এসআর, ২৫০ এনকে এবং ২৫০ এসআর-এর সাথে নতুন ১৫০ এসসি, ২৫০ সিএলসি ও ২৩০ ডুয়েল নিয়ে মঞ্চে হাজির হন বাইকাররা।

দুপুরে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আতশবাজির ঝলকানিতে মটোর সাইকেলগুলো উন্মোচন করেন সিএফ মোটো’র দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার লিউ চুনচেন (হাডসন) ও সিএফ মোটো বাংলাদেশ এর চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন। সিএফমোটোর দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল মার্কেটিং ম্যানেজার ডেং সিইউন (গ্যারি), দক্ষিণ-পূর্ব এশিয়ার সেলস ম্যানেজার বু আওলিন, সিএফমোটো বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, সিএফ মোটো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবির এবং সিএফমোটো বাংলাদেশ এর সিইওমোঃ রেজাউল করিম একেক জন একেকটি বাইকের সঙ্গে দাঁড়িয়ে এগুলো বাণিজ্যিক যাত্রার ঘোষণা দেন।

এসময় মুঠোফোনে মহুর্তটি লাইভ ও ধারণে ব্যস্ত থাকতে দেখা যায় উৎসুক অভ্যাগত অতিথিদের।

সিএফমোটো’র দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার লিউ চুনচেন (হাডসন) বলেন, “আমরা বাংলাদেশে সিএফমোটো আনতে পেরে অত্যন্তআনন্দিত। এর মাধ্যমে সিএফমোটো দেশের মোটরসাইকেল বাজারে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। অত্যাধুনিক প্রযুক্তি, স্টাইল এবং পারফরম্যান্সের সমন্বয়ে সিএফমোটোর এই বাইকগুলো স্থানীয় রাইডারদের প্রত্যাশা পূরণ করবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে উন্মোচিত বাইকগুলোর মূল্য নির্ধারণ হয়- যথাক্রমে ২৫০এনকে ৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা, ২৫০ এসআর ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা এবং ৩০০ এসআর ৪ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।