দুর্যোগ মোকাবেলায় চাই ত্রি-মাত্রিক সমন্বয়

২৭ জানুয়ারি, ২০২৩ ১৬:৪৭  

ডিজিটাল মেলার দ্বিতীয় দিনে চারটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই চার সেমিনার নিয়েই আজ প্রথম বারের মতো মোবাইল কংগ্রেস করেছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয় দুটি সেমিনার। ছুটির দিন শুক্রবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত উইন্ডি টাউন হলে দ্বিতীয় সেমিনার ছিলো দুর্যোগকালীন সময়ে টেলিযোগাযোগ খাত নিয়ে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বক্তব্যে দুর্যোগের আগাম সতর্কতা জনগন ও প্রশাসন এর কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমন্বয় এবং প্রযুক্তির ব্যবহার আরো বাড়ানোর আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি দুর্যোগ ব্যাবস্থাপনায় দুর্বলতা সনাক্ত করে সবার সাথে সমন্বয়য় করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে নীতিমালা গঠন করতে আহ্বান জানিয়েছেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসির সিস্টেম এন্ড সার্ভিসেস মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। এসময় দুর্যোগ মোকাবেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জামের প্রতি আলোকপাত করেন মূল প্রবন্ধ উপস্থাপক। তিনি বলেন, ভিএইচএফ, এইচএফ রেডিও, গ্রোন, স্যাটেলাইট ফোন, উপকূলীয় অঞ্চলে ই- জিএসএম এবং আশ্রয়কেন্দ্র ম্যপিং এর ওপর গুরুত্ব দিতে হবে যা বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সহায়ক হবে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি ও সামরিক ক্ষেত্রে সমন্বয় করে দুর্যোগের আগাম প্রস্তুতি গ্রহণ এবং সম্ভাব্য ক্ষতি আগে ভাগেই নিরুপন করতে হবে। দুর্যোগে নিরিবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে নেটওয়ার্ক অবকাঠামো আরো শক্তিশালী করতে হবে। এজন্য জাতীয় জরুরী টেলিকমিউনিকেশন সিস্টেম (এনইটিএস) স্থাপন করতে হবে।

মূল বক্তব্যের ওপর আলোচনা করেছেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, বিটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, ই-ডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আহাম্মদ জুবায়ের আলী এবং সেনাসদরের সিগন্যালস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ।

বক্তব্যে করোনার শিক্ষা কাজে লাগিয়ে টেকসই টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, নেটওয়ার্কের মধ্যে সমন্বয় ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন গ্রামীণফোন সিইও। সুনামগঞ্জের বন্যার অভিজ্ঞতা তুলে ধরে বিটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বলেন, সকল ক্ষেত্রে সঠিকভাবে কমিউনিকেশন করতে পারলে দুর্যোগকালীন সময়েও নেটওয়ার্ক সচল রাখা সম্ভব হবে।

সেমিনার সঞ্চালনা করেন ডি-নেট সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচলক এম শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ আহমেদ।