ডোমেইনের মার্কেটপ্লেস ডুডিয়াস

১৭ নভেম্বর, ২০১৯ ১৭:৫২  
বাংলাদেশের প্রথম ডোমেইন মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ডুডিয়াস ( www.dodeus.com)। ডুডিয়াসে বর্তমানে এক হাজারেরও অধিক ডোমেইন বিক্রয়ের জন্য লিস্টেড আছে। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। সম্প্রতি রাজধানীর কারওয়ানবাজারস্থ বিডিবিএল ভবনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ডুডিয়াস তাদের সেবা সমূহ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে। এ বিষয়ে ডুডিয়াসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান জানিয়েছেন, এতদিন আমাদের দেশীয় ডোমেইন ব্যবসায়ীরা দেশীয় কোন ডোমেইন মার্কেট প্লেস না থাকায় বাইরের ডোমেইন মার্কেট প্লেসসমূহে ডোমেইন বিক্রয় করে আসছিল। ডুডিয়াস তাদের জন্য দেশের মাটিতে ডোমেইন ব্যবসায়ের এক নতুন সময়ের সূচনা করবে বলে আশা রাখি। ডুডিয়াসে যে কেউ বিনামূল্যে ডোমেইন পার্কিং ও নিলামে ডোমেইন বিক্রয় করতে পারবে। এ ছাড়াও ডুডিয়াস তার ব্যবহারকারীদের জন্য অনলাইন পেমেন্টসহ ডোমেইন বিক্রয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি ডুডিয়াসের হাত ধরেই বাংলাদেশে শুরু হওয়া ডোমেইন অকশন ও মার্কেট প্লেস ব্যবসা আরো বেশি সম্প্রসারিত হবে।