ডিজিটাল হলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ৩৮ সেবা
মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত হলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে। এর ফলশ্রুতিতে এখন থেকে মুক্তিযোদ্ধাদের নাম গেজেটে অন্তর্ভুক্তকরণ, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্তি, মুক্তিযোদ্ধাদের নাম ও তথ্য সংশোধন, মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক প্রাপ্তি, মুক্তিযুদ্ধের সাময়িক সনদ প্রদান, রেজিস্টার সংশোধন, চিকিৎসাসেবা দান স্কিমের আওতায় মুক্তিযোদ্ধাদের ভারতে চিকিৎসা সেবা প্রদান, পিআরএল এবং ল্যাম্পগ্রান্ট অনুমোদন, ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিমের আওতায় ছাত্রবৃত্তিসহ ৩৮ ধরনের সেবা ‘মাইগভ’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মিলবে।
মাত্র সাত দিনেই আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের অধীনে এই ডিজিটাল রূপান্তর সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার পরিবহন পুল ভবনে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সেবার উদ্বোধনী অনুষ্ঠান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক তপন কান্তি ঘোষ। সেবাটি বিষয়ে আলোকপাত করেন এটুআই সিটিও আরফে এলাহি।
ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, এটুআই এর নীতি উপদেষ্টা আনির চৌধুরী এবং প্রকল্প পরিচালক আব্দুল মান্নান।