টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে ফেসিলিটেটর হতে হবে : পলক
টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে রেগুলেটর না হয়ে ফেসিলিটেটর হতে ডাকঘরকে মেইল ডেলিভারি থেকে সার্ভিস ডেলিভারিতে রূপান্তরের উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ সেবা জনবান্ধব ও স্মার্ট বাংলাদেশের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে শতাব্দির প্রাচীন ‘দ্য পোস্ট অফিস এ্যাক্ট ১৮৯৮’ এবং ‘টেলিকম এ্যাক্ট ২০১০’ এর সংশোধন বিষয়ক এক পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের তিনি এই নির্দেশনা প্রদান করেন।
দ্য পোস্ট অফিস এ্যাক্ট ১৮৯৮ এর অধীন প্রতিষ্ঠিত ডাক অধিদপ্তরের ওপর জনগণের আস্থা সুসংহত এবং স্মার্ট বাংলাদেশের উপযোগী সেবা নিশ্চিত করার প্রয়োজনে গ্রাহকবান্ধব ও স্মার্ট প্রযুক্তিবান্ধব সময়োপযোগী আইন প্রণয়ণের প্রয়োনীয়তা অপরিহার্য বলে জুনাইদ আহমেদ পলক উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী কুরিয়ার সার্ভিসকে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনা এবং তৎসংশ্লিষ্ট আনুষাঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ, কে, এম, আমিরুল ইসলাম, মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন দপ্তর ও সংস্থাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিশেষ আমন্ত্রণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।





