টিকটকের আড়ালে মাদক ব্যবসা

২৭ অক্টোবর, ২০২২ ২০:২৪  
টিকটকের আড়ালে মাদক ব্যবসা করার অভিযোগে শরিফুল ইসলাম টগর (৩২) ও মিম আক্তার (১৯) নামে দুজনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক শরিফুল ইসলাম টগর যশোর ঝুমঝুমপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে ও মিম বেজপাড়া এলাকার মুকুল হোসেনের মেয়ে। র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, যশোরের একটি সংঘবদ্ধ চক্র টিকটক ভিডিও বানানোর আড়ালে কক্সবাজার এলাকা থেকে মাদক চোরাচালান করে থাকে। ওই গ্রুপের কিছু সদস্য কক্সবাজার থেকে বিপুল সংখ্যক ইয়াবা নিয়ে বাসযোগে যশোরে আসছে- এমন খবরের ভিত্তিতে আজ মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‍্যাব। এরপর সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরও জানান, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপের প্রধান সোহেল আহমেদ কয়েক সহযোগী নিয়ে বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে র‍্যাব সদস্যরা শরিফুল ইসলাম ও মিমের ব্যাগ তল্লাশি করে দুই হাজার ৫০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে। মামলা দিয়ে তাদেরকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।