টাকা না দিলে প্রশাসক বসবে জিপিতে

২ জানুয়ারি, ২০২০ ১৮:৪৩  
আদালতের বেধে দেয়া সময় অনুায়ী আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে দুই হাজার কোটি টাকা জমা না দিলে গ্রামীণফোনে প্রশাসক বসানোসহ সরঞ্জাম ও প্যাকেজের অনুমোদনে নিষেধাজ্ঞা অব্যহত থাকবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর রমনায় বিটিআরসির সম্মেলন কক্ষে টেলিকম সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় সভায় এমনটাই জানালেন বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক। বিটিআরসি চেয়ারম্যান জানান, গ্রামীণফোন যদি তিন মাসের মধ্যে ২০০০ হাজার কোটি টাকা জমা দেয় তাহলে হাইকোর্ট ডিভিশনের স্টে অর্ডারটা থেকে যাবে। আর না দিলে স্টে অর্ডার উঠে যাবে। তিনি বলেন, “২৪ নভেম্বর হতে সময় কাউন্ট হচ্ছে। ইতিমধ্যে দেড় মাসের মতো পেরিয়েছে। সময় শেষ হলে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেবো। এনওসি না পাওয়াটা বহাল থাকবে।” বিটিআরসি চেয়ারম্যান আরো বলেন, “সরঞ্জাম ও প্যাকেজের অনুমোদনে নিষেধাজ্ঞা তুলে নিতে সুপ্রিম কোর্ট গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা জমা দিতে বলেছেন। তারা এটা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” নতুন পদক্ষেপ কি প্রশাসক বসানো হতে পারে—জানতে চাইলে জহুরুল হক বলেন, ‘আইনে যেসব ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সেগুলোই নেওয়া হবে। এর বাইরে বিটিআরসি যাবে না।’ সভায় টিআরসির কমিশনার (তরঙ্গ ব্যবস্থাপনা) মো. আমিনুল হাসান, মহাপরিচালক (তরঙ্গ ব্যবস্থাপনা) ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম, মহাপরিচালক (কারিগরি ও কার্যক্রম) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। গত ২৪ নভেম্বর গ্রামীণফোনকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা ১২ হাজার ৫৯৭ কোটি ৯৬ লাখ টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা জমা দেওয়ার নির্দেশনা দিয়ে এ আদেশ দিয়েছেন আপিল বিভাগ।