জিডিপিআর এর মতো গাইড লাইন তৈরি করছে বেসিস

১২ জুলাই, ২০২০ ২২:২৪  
ডেটার ব্যক্তিগত অধিকার সুরক্ষায় জিডিপিআর এর মতো গাইড লাইন তৈরির প্রতি গুরুত্বারোপ করেছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। একইসঙ্গে শিশুদের নেটিকেটস শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। নেটে অথবা প্রযুক্তি ডিভাইস ব্যবহারে কি করা উচিত বা উচিত নয় এ বিষয়ে শিশু থেকে চাকুরিজীবি পর্যায়ে সচেতনতা ও প্রশিক্ষণ দেয়ার বিষয় উল্লেখ করেছেন এই প্রযুক্তিবিদ। ব্যারিস্টার মিতি সানজানার উপস্থাপনায় ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি শীর্ষক ওয়েবিনারে দেয়া বক্তব্যে রোববার এই আহ্বান জানিয়েছেন বেসিস সভাপতি। এসময় সৈয়দ আলমাস কবির বলেছেন, ডেটার শ্রেণী বিন্যাসসহ এ সংক্রান্ত একটি গাইড লাইন তৈরিতে উদ্যোগ নিয়েছে সফটওয়্যার খাতের সংগঠন বেসিস। খুব শিগগিরি এই গাইড লাইনটি সরকারের কাছে পেশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে এর আগে অংশীজনদের নিয়ে এ বিষয়ে বৈঠক করা হবে বলে জানিয়েছে বেসিস সভাপতি। অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল অপরাধের বড় ক্ষেত্র সামাজিক যোগাযোগমাধ্যম। এটি ফেসবুক, টুইটার, ইউটিউব, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বহু কিছু আছে। বিকাশ এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কামাল কাদির ও লিগ্যাল কাউন্সিলের প্রধান ব্যারিস্টার ওমর এইচ খান এই আলোচনায় সংযুক্ত ছিলেন।