জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন টেলিকম মন্ত্রী

১২ আগষ্ট, ২০২০ ১৯:০২  
আজ ১২ আগস্ট, বুধবার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের জন্মদিন। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভকামনায় ভাসছেন বিজয় বাংলা সফটওয়্যারের জনক। দেশের প্রযুক্তি অঙ্গনের হাস্যজ্জ্বল এই চির তরুণের জন্মদিনে শুভেচ্ছা জানানো পাশাপাশি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন তার শুভাকাঙ্খীরা। মন্ত্রী হলেও সকলেই তাকে ভাই বা সৃহৃদ হিসেবেই শুভেচ্ছা জানাচ্ছেন।
ডিজিবাংলা পরিবারের পক্ষ থেকেও বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আন্দোলনের পথিকৃৎ ও বীর মুক্তিযোদ্ধাকে সামাজিক দূরত্ব মেনেই ভার্চুয়াল শুভেচ্ছা।
প্রযুক্তিপ্রাণ মোস্তাফা জব্বারের পৈতৃক নিবাস নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামে। ১৯৪৯ সালের ১২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের নানার বাড়ীতে তার জন্ম। মোস্তাফা জব্বারের বাবা আব্দুল জব্বার তালুকদার পাটের ব্যবসায়ী ও সম্পন্ন কৃষক ছিলেন। তার দাদা আলিমুদ্দিন মুন্সি ছিলেন বিশাল ভূ সম্পত্তির মালিক যার উপাধি ছিলো তালুকদার। তার মা রাবেয়া খাতুন সমগ্র জীবন গৃহিনী হিসেবেই জীবন যাপন করেছেন।