ক্রিপ্টোকারেন্সি লেনদেনকে অবৈধ বললো চীন

২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:২৪  
ক্রিপ্টোকারেন্সির বিপক্ষে চীনের কড়াকড়ি থামছেই না। এবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টোকারেন্সি লেনদেনকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছে এবং আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। খবর এনগ্যাজেট। ক্রিপ্টোকারেন্সি চীনের জাতীয় নিরাপত্তা হুমকির কারণ হতে পারে এবং নাগরিকদের সম্পদের সুরক্ষা নিশ্চিতে এটি নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করছে পিপলস ব্যাংক অব চায়না। ব্যাংকটি দাবি করেছে, ক্রিপ্টোকারেন্সি কোনো অনুমোদিত মুদ্রা নয় এবং এটি হস্তান্তরযোগ্য নয়। ক্রিপ্টোর সাথে সম্পর্কিত যেকোনো লেনদেনে অপরাধমূলক আর্থিক কার্যক্রম জড়িত থাকতে পারে। তাই আর্থিক প্রতিষ্ঠান ও ইন্টারনেট কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্মে ক্রিপ্টো লেনদেন বন্ধের নির্দেশনা দিয়েছে ব্যাংকটি। দেশটিতে চীনের নাগরিকদের সেবা প্রদানের ক্ষেত্রে বৈদেশিক বিনিময়ও নিষিদ্ধ। ক্রিপ্টো লেনদেন বন্ধের চীনের একাধিক সংস্থা একযোগে কাজ করছে। আর চীনের এই কড়াকড়িতে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি দাম কমতে শুরু করেছে। শুক্রবারে বৈশ্বিক বাজারে বিটকয়েনের দাম কমেছে পাঁচ শতাংশ। এর আগে বিটকয়েনের বাজার নিম্নমুখী হওয়ার ঘটনায় ক্রিপ্টোকারেন্সিটির বাজার মূল্য ৪.৬ শতাংশ কমে ৪২ হাজার ৮৭৪ ডলারে নেমে এসেছিলো। বিটকয়েনের পাশাপাশি মূল্য পতন ঘটেছে অন্যান্য ক্রিপ্টোকারেন্সিরও। ইথারের দাম কমেছে ৮ শতাংশ, এক্সআরপি’র দাম কমেছে ৭ শতাংশ। ডিবিটেক/বিএমটি