একুশ শতকের সবচেয়ে মূল্যবান সম্পদ ডেটা : পলক

২ জুন, ২০২০ ১৯:০৮  
ডিজিটাল অর্থনীতির নতুন শক্তি তথ্য-উপাত্ত। তাই এই ডেটাকে একুশ শতকের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীতে খনিজ তেলের মতোই অত্যন্ত অপরিহার্য ও মূল্যবান সম্পদ এই ডেটা। প্রতিমন্ত্রীর ভাষায়- “তেলের মতো যারা ডেটার মৌলিক মূল্য দেখে এবং এক্সট্র্যাক্ট করতে শেখে এবং ব্যবহার করতে শেখে তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার । আমরা একটি ডিজিটাল অর্থনীতিতে আছি, যেখানে ডেটা আগের চেয়ে বেশি মূল্যবান।” মঙ্গলবার (২ জুন)ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স টাস্ক ফোর্সের অনলাইন সভায় অংশ নিয়ে এই অভিমত ব্যক্ত করেন তিনি। সভায় কোভিড-১৯ পরিস্থিতিতে ডাটা বিশ্লেষণের মাধ্যমে জীবন এবং জীবিকার নিরাপত্তা ও উন্নয়নে একটি নীতিমালার প্রস্তাবনা নিয়ে আলোচনায় হয়। ডাটা বিশ্লেষণ করে করোনা মাহামারির প্রাদুর্ভাবে দেশের কোন এলাকার পরিস্থিকি কীরূপ তা মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। লাল, হলুদ ও সবুজ রঙে এই ঝুঁকিটি চিহ্নিত করা হয়। দুটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করে এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী ও ড. আয়েশা সনিয়া তথ্য বিশ্লেষণ করে এই জোনগুলো বিষয়ে ধারণা দেন। সভায় ব্ক্তব্য রাখেন এনডিএটিএফ এর সদস্য আইসিটি সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ও অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, কেবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবদুল মান্নান ও পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক মো. রেজাউল করিম, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ডা. ইকবাল কবির প্রমুখ। এর আগে আইসিটি বিভাগের অধীন এটুআই এর চলমান কার্যক্রম পরিচালনা বিষয়ে ডিজিটাল সভায়ও অংশ নেন প্রতিমন্ত্রী। আইসিটি সচিব এনএম জিয়াউল আলম ছাড়াও বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই বৈঠক দুটিতে অংশ নেন।