ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করছে মেটা
যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসের মালিকানা প্রতিষ্ঠানটি ‘কমিউনিটি নোটস’ নামে নতুন একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যা ইলন মাস্কের মালিকানাধীন এক্স-এর মডেলের অনুরূপ। খবর রয়টার্স।
মেটার এই নতুন মডেলে ব্যবহারকারীরা পোস্টে থাকা ভুল তথ্য বা বিভ্রান্তি চিহ্নিত করতে পারবেন এবং প্রাসঙ্গিক ব্যাখ্যা যুক্ত করার সুযোগ পাবেন। এতে স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমবে।
মেটা এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষজ্ঞদের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং পক্ষপাত প্রায়ই প্রভাব ফেলে কোন বিষয়টি ফ্যাক্ট-চেক হবে এবং কীভাবে তা উপস্থাপিত হবে। এটি মতপ্রকাশের স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়ায়। ফলে তাদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম প্রায়ই সেন্সরের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।
নতুন ব্যবস্থার অধীনে ফ্যাক্ট-চেক করা কনটেন্ট আর ডিমোশন দেওয়া হবে না। পরিবর্তে, পোস্টের সঙ্গে একটি লেবেল যুক্ত থাকবে, যা ব্যবহারকারীদের অতিরিক্ত তথ্যের দিকে নির্দেশ করবে। আগের মতো সতর্কবার্তা দেখিয়ে পোস্টে প্রবেশ বাধাগ্রস্ত করা হবে না।
মেটা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে ‘কমিউনিটি নোটস’ চালু করা হবে এবং বছরব্যাপী এর উন্নয়ন অব্যাহত থাকবে। মেটার এই উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীরা কনটেন্ট যাচাই এবং ব্যাখ্যা প্রদানে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন।







