২০২৭ সালের এপ্রিলে আসবে ফাইনাল ফ্যান্টাসি ৭ রেভেলেশন
২০২৭ সালের এপ্রিলে আসবে ফাইনাল ফ্যান্টাসি ৭ রেভেলেশনভিডিও গেমপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মোচিত হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির নতুন পর্ব।
সনি স্টেট অব প্লে লাইভস্ট্রিম অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে, আগামী ২০২৭ সালের ৮ এপ্রিল প্লেস্টেশনসহ পিসি ও অন্যান্য কনসোলে মুক্তি পাবে 'ফাইনাল ফ্যান্টাসি ৭ রেভেলেশন'।
মূলত জনপ্রিয় ভিডিও গেম ‘ফাইনাল ফ্যান্টাসি ৭’-এর রিমেক ট্রিলজি বা তিন পর্বের এই ধারাবাহিক কিস্তির এটিই শেষ ও চূড়ান্ত পর্ব।
গেমটির প্রথম পর্ব বাজারে এসেছিল ২০২০ সালে এবং দ্বিতীয় পর্বটি মুক্তি পায় ২০২৪ সালে। নস্টালজিক এই গেমটির রিমেক নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মাঝে আগ্রহ ছিল তুঙ্গে। মূল পিক্সেলভিত্তিক গেমটিকে আধুনিক সময়ের উপযোগী করে তুলে ধরতে এবার গ্রাফিক্সের পাশাপাশি গেমপ্লেতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
পুরোনো টার্ন-বেসড ব্যবস্থার বদলে এতে আধুনিক রিয়েল-টাইম অ্যাকশন ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা গেমারদের আরও জীবন্ত ও রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি করবে।
গল্পের শেষ দৃশ্য ও নতুন সংযোজন
ট্রিলজির প্রথম পর্ব অর্থাৎ 'ফাইনাল ফ্যান্টাসি ৭ রিমেক'-এ গল্পের শুরুর দিকের কেবল মিডগার অংশের ওপর আলোকপাত করা হয়েছিল, যা প্রায় ৫০ ঘণ্টার এক দীর্ঘ গেমিং অভিজ্ঞতা তৈরি করে।
নতুন এই শেষ পর্ব 'রেভেলেশন'-এ খলনায়ক সেফিরোথের সঙ্গে মূল চরিত্রগুলোর চূড়ান্ত লড়াই এবং এর পরবর্তী পরিণতি তুলে ধরা হবে। নয়নাভিরাম দৃশ্য ও উন্নত প্রযুক্তি নিয়ে নির্মিত এই গেমটি প্লেস্টেশন ৫ ছাড়াও এক্সবক্স সিরিজ এক্স এবং এস, নিনটেনডো সুইচ ২ এবং পিসিতে খেলা যাবে।
প্রি-অর্ডার ও বাড়তি সুবিধা
ইতিমধ্যেই প্লেস্টেশন ৫ ব্যবহারকারীদের জন্য গেমটির অগ্রিম বুকিং বা প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। মুক্তির আগেই যারা অর্ডার করবেন, তারা গেমে দুটি বিশেষ জাদুকরী ক্ষমতা বা স্পেল পাবেন।
এছাড়া গেমটির একটি প্রিমিয়াম সংস্করণও আনা হচ্ছে, যার মাধ্যমে মূল মুক্তির একদিন আগেই গেমটি খেলার সুযোগ মিলবে। এই সংস্করণে বিশেষ ইন-গেম অনুষঙ্গ এবং ভবিষ্যতে আসা অতিরিক্ত গল্পের অংশ বা ডাউনলোডযোগ্য কনটেন্ট সুবিধা থাকবে।
উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির আরও একটি গেম 'ফাইনাল ফ্যান্টাসি রেজোনেন্স' আগামী ২২ অক্টোবর বাজারে আসার কথা রয়েছে। এটি মূলত পুরোনো ধাঁচের রোল-প্লেয়িং গেমের আদলে তৈরি করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





