টানা দ্বিতীয়বার এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ইডটকো বাংলাদেশ
বাংলাদেশে পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ডিজিটাল অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বার ‘মোস্ট সাস্টেইনেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে দেশের শীর্ষ ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ। ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং ডিজিটালভাবে সংযুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে দীর্ঘমেয়াদি অবদান রাখায় ইডটকো বাংলাদেশকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। অবকাঠামো ভাগাভাগি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, সম্পদ পুনর্ব্যবহার, জলবায়ু সহনশীলতা এবং মানবসম্পদ উন্নয়নের মতো উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের টেকসই ডিজিটাল অবকাঠামো উন্নয়নে কাজ করছে।
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, এই স্বীকৃতি দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, টেকসই উন্নয়ন তাদের জন্য আলাদা কোনো উদ্যোগ নয়; বরং অবকাঠামো নির্মাণ, পরিচালনা এবং প্রবৃদ্ধির প্রতিটি ধাপেই এটি সংযুক্ত। এর মাধ্যমে দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হচ্ছে এবং জনগণ, পরিবেশ ও ভবিষ্যৎ ডিজিটাল অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত হচ্ছে।
ইডটকো বাংলাদেশ জানায়, প্রতিষ্ঠানটি শুধু টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়; সামাজিক উন্নয়নেও বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। ‘টাওয়ার টু পাওয়ার’, ‘ডিজিটাল লার্নিং’, ‘রেঞ্জার্স ভলান্টিয়ার প্রোগ্রাম’ এবং অন্যান্য সামাজিক ক্ষমতায়নমূলক উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষ উপকৃত হয়েছেন। এসব কার্যক্রম দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়ক ভূমিকা রাখছে।
বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে নেতৃত্ব ও ইতিবাচক প্রভাব রাখা প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতিস্বরূপ ‘সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ’ এবং ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম’ যৌথভাবে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’-এর আয়োজন করে।
//ডিবিটেক/এসআইপি/এনএএম//





