অনলাইন জুয়া বন্ধে আসছে নতুন আইন, পাসপোর্টে ফিরছে ‘এক্সেপ্ট ইসরায়েল’

অনলাইন জুয়া বন্ধে আসছে নতুন আইন, পাসপোর্টে ফিরছে ‘এক্সেপ্ট ইসরায়েল’
২৪ মে, ২০২৬ ১৭:০১  

১৮৬৭ সালের ব্রিটিশ আমলের প্রাচীন জুয়া আইন বাতিল করে অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে একটি সম্পূর্ণ নতুন, যুগোপযোগী এবং কঠোর আইন প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২৪ মে, রবি বার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এই তথ্য জানান। মন্ত্রী উল্লেখ করেন, আগামী সংসদ অধিবেশনেই বিল আকারে আইনটি পাসের জন্য টেবিলে উত্থাপন করা হবে। বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

সংলাপে দেশের পাসপোর্ট, ভিসা পাতা এবং নতুন মুদ্রার নোটের নকশা পরিবর্তন নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে যেসব পাসপোর্ট ইস্যু করা হবে, সেগুলোতে আগের মতোই ‘এক্সেপ্ট ইসরায়েল’ (Except Israel) শব্দটি পুনর্বহাল করা হবে। এটি বর্তমান সরকারের সিদ্ধান্ত এবং দেশের মানুষের দীর্ঘদিনের চাহিদারই প্রতিফলন। পাসপোর্টের ভেতরের নকশা ও ভিসা পাতার পরিবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে সেখানে ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনা ছিল, যা দেশের সার্বিক সংস্কৃতি ও জনগণের প্রতিনিধিত্ব করে না। নতুন নকশায় কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে না, বরং জাতীয় স্মৃতিসৌধ, টাঙ্গুয়ার হাওর ও কক্সবাজার সমুদ্রসৈকতের মতো জাতীয় ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে স্থান দেওয়া হবে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন হলেও ভবিষ্যতে মুদ্রার নোটে বীরশ্রেষ্ঠদের ছবি যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে বলে তিনি জানান।

সংলাপে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, মাদকের বিস্তার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীন গণমাধ্যমকে সমাজের সামগ্রিক সংস্কারের জন্য অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার খাতিরে বাকস্বাধীনতার ক্ষেত্রে যৌক্তিক কিছু সীমাবদ্ধতা থাকা প্রয়োজন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও মিথ্যা প্রোপাগান্ডা প্রতিরোধে সাংবাদিকদের জনসচেতনতা তৈরির আহ্বান জানান তিনি। এছাড়া দেশের আদালতগুলোতে মাদক মামলার জট কমাতে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠনের ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে শুধু ঢাকা জেলাতেই প্রায় ৮০ হাজার এবং চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক মাদক মামলা ঝুলে রয়েছে, যা দ্রুত নিষ্পত্তির জন্য এই বিশেষ ট্রাইব্যুনাল কার্যকর ভূমিকা রাখবে।

/ডিবিটেক/ এসএইচ/ইকে/