বার্ষিক ৫ কোটি ডলারে নিউজ কর্পের কনটেন্ট ব্যবহার করবে মেটা

বার্ষিক ৫ কোটি ডলারে নিউজ কর্পের কনটেন্ট ব্যবহার করবে মেটা
৪ মার্চ, ২০২৬ ১৯:৫৯  

মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ এবং চ্যাটবটে তথ্য সরবরাহে বিশ্বের অন্যতম বৃহৎ সংবাদমাধ্যম প্রতিষ্ঠান নিউজ কর্প-এর কনটেন্ট ব্যবহারের জন্য বহু মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, এই চুক্তির আওতায় মেটা বার্ষিক ৫ কোটি ডলার পর্যন্ত দেবে। খবর এনগ্যাজেট।

অন্তত তিন বছরের জন্য হওয়া এই চুক্তির মাধ্যমে মেটা নিউজ কর্প-এর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কনটেন্ট ব্যবহার করতে পারবে। এর আওতায় রয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট, ব্যারনস, লন্ডনের টাইমস, দ্য সান এবং প্রকাশনা সংস্থা হার্পারকলিন্সের মতো ব্র্যান্ডের কনটেন্ট।

মেটা সম্প্রতি তাদের এআই দল পুনর্গঠন করছে এবং পরবর্তী মডেল তৈরির লক্ষ্যে কাজ করছে। প্রতিষ্ঠানটি গত কয়েক মাসে ইউএসএ টুডে, পিপল, সিএনএন, ফক্স নিউজ-সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে লাইসেন্সিং চুক্তি করেছে।

মরগান স্ট্যানলির বার্ষিক টেকনোলজি, মিডিয়া অ্যান্ড টেলিকম (টিএমটি) সম্মেলনে নিউজ কর্প-এর প্রধান নির্বাহী রবার্ট থমসন এই চুক্তির ইঙ্গিত দেন। তিনি সংবাদমাধ্যমকে এআই-এর জন্য মূল্যবান ‘ইনপুট’ হিসেবে বর্ণনা করেন। থমসন এআই কোম্পানিগুলোর সঙ্গে কাজ করার কৌশলকে ‘আকর্ষণ অথবা মামলা’ (আ উ অর সু) হিসেবে অভিহিত করেছেন—যারা লাইসেন্স নিয়ে কনটেন্ট ব্যবহার করতে চায় তাদের সঙ্গে অংশীদারত্ব, আর যারা অনুমতি ছাড়া কনটেন্ট নেয় তাদের বিরুদ্ধে মামলা করার নীতি গ্রহণ করেছে নিউজ কর্প ।

এর আগে ২০২৪ সালে নিউজ কর্প ওপেনএআই-এর সঙ্গে পাঁচ বছরের জন্য প্রায় ২৫ কোটি ডলারের চুক্তি করেছিল। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস ভিন্ন পথে হেঁটে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছে।

ডিবিটেক/বিএমটি