এআইভিত্তিক সার্চের পরীক্ষা চালাচ্ছে এয়ারবিএনবি
ভ্রমণ ও আবাসন সেবা প্রদানকারী এয়ারবিএনবি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অনুসন্ধান সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ব্রায়ান চেস্কি জানিয়েছেন, খুব অল্পসংখ্যক ব্যবহারকারীর মধ্যে এই অনুসন্ধান সুবিধা এখন চালু রয়েছে। খবর এনগ্যাজেট।
চতুর্থ প্রান্তিকের আয়সংক্রান্ত সভায় ব্রায়ান চেস্কি বলেন, এয়ারবিএনবি একটি ‘কৃত্রিম বুদ্ধিমত্তা–স্বাভাবিক অভিজ্ঞতা’ গড়ে তুলতে চায়, যাতে ভ্রমণ বুকিং সহজ হয়, হোস্টরা তালিকা ব্যবস্থাপনায় সহায়তা পান এবং গ্রাহকসেবা আরও কার্যকর হয়।
শেয়ারহোল্ডারদের উদ্দেশে প্রকাশিত চিঠিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন অনুসন্ধান সুবিধাটি অতিথিদের প্রয়োজন আরও স্বাভাবিক ভাষায় বর্ণনা করার সুযোগ দেবে এবং তালিকা ও অবস্থান সম্পর্কে প্রশ্ন করার পথ খুলে দেবে। ধাপে ধাপে এই অনুসন্ধান ব্যবস্থা পুরো ভ্রমণ অভিজ্ঞতায় যুক্ত হবে বলে আশা করছে এয়ারবিএনবি। তবে সবার জন্য কবে এটি উন্মুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।
এয়ারবিএনবি এর আগে গ্রাহকসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালু করেছে, যা বর্তমানে উত্তর আমেরিকায় সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এই চ্যাটবট মানব সহায়তা ছাড়াই উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক অনুরোধ সামলাতে পারছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ভবিষ্যতে এই ব্যবস্থা আরও বিস্তৃত করে বিশ্বব্যাপী চালু করা।
ডিবিটেক/বিএমটি



