স্মার্ট চশমায় ফেইস শনাক্তকরণ প্রযুক্তি আনছে মেটা
ভোক্তা প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তাদের স্মার্ট চশমায় মুখ শনাক্তকরণ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরই এই বিতর্কিত সুবিধা পরীক্ষামূলকভাবে চালু হতে পারে। খবর এনগ্যাজেট।
মেটার অভ্যন্তরে ‘নেম ট্যাগ’ নামে পরিচিত এই ফিচার চালু হলে ব্যবহারকারী স্মার্ট চশমার মাধ্যমে সামনে থাকা ব্যক্তিকে শনাক্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তাঁর সম্পর্কে তথ্য পেতে পারবেন। এটি মেটার সহযোগিতায় তৈরি ওকলে ও রে-ব্যান ব্র্যান্ডের স্মার্ট চশমায় যুক্ত হওয়ার কথা ভাবা হচ্ছে।
মুখ শনাক্তকরণ প্রযুক্তি ঘিরে গোপনীয়তা ও নৈতিকতার ঝুঁকি থাকায় অতীতে এ ধরনের উদ্যোগে সতর্ক ছিল মেটা। অভ্যন্তরীণ নথিতে প্রতিষ্ঠানটি বলেছে, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নাগরিক সমাজের সংগঠনগুলোর মনোযোগ অন্যদিকে থাকায় এই উদ্যোগ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
স্মার্ট চশমার বাজারে প্রতিযোগিতা বাড়তে থাকায় মেটা মনে করছে, এ সুবিধা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর পণ্যের তুলনায় বাড়তি সুবিধা দিতে পারে—যার মধ্যে রয়েছে ওপেনএআই এর মতো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ডিভাইসও।
প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তি ব্যবহারকারীর সঙ্গে আগে থেকেই সংযুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে পারে অথবা উন্মুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দেখাতে পারে। তবে যাঁদের সঙ্গে কোনো সংযোগ নেই, সবার পরিচয় জানিয়ে দেওয়ার মতো সর্বজনীন শনাক্তকরণ সুবিধা দেওয়ার পরিকল্পনা নেই।
উল্লেখ্য, গোপনীয়তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ২০২১ সালে ফেসবুকের ছবি ট্যাগিংয়ে ব্যবহৃত মুখ শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করেছিল মেটা। পরে প্রতারণামূলক বিজ্ঞাপন শনাক্তে সীমিত পরিসরে প্রযুক্তিটি আবার চালু করে তারা।
ডিবিটেক/বিএমটি



