ভারতে প্রথম খুচরা বিক্রয়কেন্দ্র খুলল নাথিং
ভোক্তা ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান নাথিং ভারতে তাদের প্রথম খুচরা বিক্রয়কেন্দ্র চালু করেছে। কোম্পানির সবচেয়ে বড় বাজার হিসেবে বিবেচিত ভারতে বেঙ্গালুরুর কেন্দ্রস্থলে দুইতলা এই বিক্রয়কেন্দ্র খোলা হলো। খবর টেকক্রাঞ্চ।
প্রতিষ্ঠানটির সহ–প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কার্ল পেই বলেন, ব্র্যান্ডের পণ্যের প্রদর্শন, পণ্য তৈরির ধাপ ও পরীক্ষণপ্রক্রিয়ার অভিজ্ঞতা ক্রেতাদের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। বিক্রয়কেন্দ্রে পণ্য কেনার পাশাপাশি নির্বাচিত পণ্যে কাস্টোমাইজেশনের সুযোগও রাখা হয়েছে।
এখানে নাথিংয়ের পাশাপাশি তাদের স্বল্পমূল্যের ব্র্যান্ড সিএমফের পণ্যও মিলবে। সিএমএফ ভারতের ডিজাইন ও উৎপাদন সহযোগী অপ্টিমাসের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, ভারতে নাথিংয়ের বাজার অংশীদারত্ব দুই শতাংশের বেশি; গত বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির চালান বছরে বছরে ৮৫ শতাংশ বেড়েছে।
ভারতে অভিজ্ঞতাভিত্তিক খুচরা উপস্থিতি বাড়াচ্ছে অ্যাপলও। নাথিং জানিয়েছে, ভবিষ্যতে টোকিও এবং নিউ ইয়র্কেও বিক্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে।
ডিবিটেক/বিএমটি



