যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর খাতে ২৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তাইওয়ান
যুক্তরাষ্ট্রে দেশীয় সেমিকন্ডাক্টর উৎপাদন জোরদারে তাইওয়ানের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, এই চুক্তির আওতায় তাইওয়ানের সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সরাসরি ২৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পে। খবর টেকক্রাঞ্চ।
বিনিয়োগের ক্ষেত্র হিসেবে সেমিকন্ডাক্টর, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উৎপাদন ও উদ্ভাবনের কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে বৈশ্বিক সেমিকন্ডাক্টরের অর্ধেকের বেশি উৎপাদন হয় তাইওয়ানে।
এ ছাড়া ভবিষ্যতে আরও বিনিয়োগ উৎসাহিত করতে তাইওয়ান অতিরিক্ত ২৫০ বিলিয়ন ডলারের ঋণ গ্যারান্টি দেবে বলে জানিয়েছে বাণিজ্য দপ্তর।
তবে এই বিনিয়োগ কত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে, তা স্পষ্ট করা হয়নি। বিনিময়ে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, টেলিযোগাযোগ ও জৈবপ্রযুক্তি খাতে বিনিয়োগ করবে, যদিও নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি।
এই চুক্তির আগের দিনই ট্রাম্প প্রশাসন এক ঘোষণায় জানায়, যুক্তরাষ্ট্রে মাত্র ১০ শতাংশ সেমিকন্ডাক্টর উৎপাদিত হওয়ায় বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। ঘোষণায় উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চিপে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথাও বলা হয় এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা শেষ হলে আরও শুল্ক আরোপের ইঙ্গিত দেওয়া হয়।
ডিবিটেক/বিএমটি







