ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি ইলন মাস্কের
ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে সর্বোচ্চ ১৩৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দাখিল করা নথিতে তিনি দাবি করেন, ওপেনএআইয়ের প্রতিষ্ঠালগ্নে তাঁর আর্থিক সহায়তা ও অবদানের ফলেই প্রতিষ্ঠানটি বিপুল আর্থিক সুবিধা পেয়েছে, যার ‘অন্যায্য লাভ’ তিনি ফেরত পাওয়ার অধিকার রাখেন। খবর রয়টার্স।
আদালতে মাস্কের পক্ষে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওপেনএআইয়ের প্রাথমিক তহবিলের প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ আনুমানিক ৩৮ মিলিয়ন ডলার তিনি জোগান দেন। পাশাপাশি জনবল নিয়োগ, ব্যবসা সম্প্রসারণের পরামর্শ ও ব্যক্তিগত সুনাম কাজে লাগিয়ে তিনি প্রতিষ্ঠানটিকে বিশ্বাসযোগ্যতা দেন।
মাস্কের দাবি, তাঁর অবদান থেকেই ওপেনএআইয়ের মূল্যমান ৬৫ থেকে ১০৯ বিলিয়ন ডলার পর্যন্ত বেড়েছে এবং মাইক্রোসফটও এতে ১৩ থেকে ২৫ বিলিয়ন ডলার লাভবান হয়েছে।
অন্যদিকে ওপেনএআই এই দাবিকে ‘অবাস্তব’ ও ‘হয়রানিমূলক’ বলে মন্তব্য করেছে। মাইক্রোসফটও ক্ষতিপূরণের অঙ্ককে চ্যালেঞ্জ জানিয়েছে। আগামী এপ্রিল মাসে মামলাটির বিচারকার্য শুরু হতে পারে।
ডিবিটেক/বিএমটি







