শর্ট ভিডিওর পর শর্ট নাটকের অ্যাপ চালু করল টিকটক

শর্ট ভিডিওর পর শর্ট নাটকের অ্যাপ চালু করল টিকটক
১৮ জানুয়ারি, ২০২৬ ২০:০০  

শর্ট ভিডিওর দুনিয়ায় আধিপত্যের পর এবার শর্ট নাটকের বাজারে পা রাখল টিকটক। নীরবে ‘পাইনড্রামা’ নামে একটি আলাদা মাইক্রোড্রামা অ্যাপ চালু করেছে চীনা মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে অ্যাপটি ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে। আইওএস ও অ্যান্ড্রয়েড—দুই প্ল্যাটফর্মেই এটি পাওয়া যাচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

পাইনড্রামায় মূলত এক মিনিট দৈর্ঘ্যের ধারাবাহিক পর্বে ছোট ছোট কল্পকাহিনি দেখানো হয়। বলা যায়, এটি টিকটকের মতোই, তবে এখানে প্রতিটি ভিডিও একটি গল্পের পর্ব। 

অ্যাপটি বর্তমানে বিনা মূল্যে ব্যবহার করা যাচ্ছে এবং এতে এখনো বিজ্ঞাপন নেই, যদিও ভবিষ্যতে তা যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপের ‘ডিসকভার’ ট্যাব থেকে দর্শক জনপ্রিয় বা ট্রেন্ডিং নাটক বেছে নিতে পারেন। থ্রিলার, রোমান্স, পারিবারিক গল্পসহ নানা ঘরানার কনটেন্ট রয়েছে এতে। ‘লাভ অ্যাট ফার্স্ট বাইট’ কিংবা ‘দ্য অফিসার ফেল ফর মি’—এর মতো শোগুলো ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি দেখা নাটকের ইতিহাস, প্রিয় তালিকা এবং মন্তব্য করার সুবিধাও রাখা হয়েছে।

এর আগে টিকটক নিজস্ব অ্যাপের ভেতরে ‘টিকটক মিনিস’ নামে মাইক্রোড্রামা বিভাগ চালু করেছিল। নতুন এই উদ্যোগের মাধ্যমে রিলশর্ট ও ড্রামাবক্সের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামল টিকটক। 

ভ্যারাইটির তথ্য অনুযায়ী, মাইক্রোড্রামা শিল্প ২০৩০ সালের মধ্যে বছরে প্রায় ২৬ বিলিয়ন ডলারের বাজারে পরিণত হতে পারে।

ডিবিটেক/বিএমটি