অভিজ্ঞতাহীন গ্র্যাজ্যুয়েটদের নিয়ে ঢাকায় বসেছে চাকরি মেলা
দেশের শীর্ষ চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকম এর আয়োজনে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম বারের মতো নবীন চাকরি প্রার্থীদের নিয়ে বসেছে বিডিজবস ফ্রেসার্স চাকরি ও ক্যারিয়ার মেলা। দিনব্যাপী এই সম্মেলনে দেড় শতাধিক দেশী ও বহুজাতিক নিয়োগদাতা প্রতিষ্ঠান ৫ শতাধিক অনভিজ্ঞ কর্মী সংগ্রহ করবে বলে জানাগেছে। এজন্য তারা মেলা প্রাঙ্গনে স্টল দিয়ে চাকরি প্রার্থীদের সিভি সংগ্রহ করছেন। চাকরি প্রার্থীদের জানিয়ে দিচ্ছেন, কীভাবে চাকরি পাওয়াটা সহজ হবে।
২২ ডিসেম্বর, সোমবার, বিপুল তরুণ-তরুণীদের অংশগ্রহণে চলমান দেশের সবচেয়ে বড় এই চাকরি মেলার উদ্বোধন করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডঃ নাজনীন কাউসার চৌধুরী। বিডিজবস সিইও ফাহিম মাসরুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডি জবসের পরিচালক প্রকাশ রায় চৌধুরী। সমাপনী বক্তব্য দেন বিডিজবস ডটকম চেয়ারম্যান আহমেদ ইসলাম মুকসিত।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ নাজনীন কাউসার চৌধুরী বলেছেন, সার্টিফিকেটই একমাত্র যোগ্যতা না। সার্টিফিকেট জ্ঞানের সাগরে সাঁতারকাটার একটা লাইসেন্স দেয় মাত্র। পিএইচডি বিশেষজ্ঞ বানায় না। এটা গবেষক হওয়ার যোগ্যতা দেয়। তাই পরিক্ষা দিয়ে চাকরি না পেয়ে হতাশ হওয়া যাবে না। ফোকাস করে দক্ষতা উন্নয়ন করে লেগে থাকুন।
ফ্রেশার চাকরি প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখন অনেক অপশন থাকায় আমাদের সঠিক সিদ্ধন্ত নিতে বেগ পেতে হয়। তাই অধৈর্য না হয়ে নিজের দক্ষতা উন্নয়নে মনযোগী হবেন। নিজেকে পৃথিবীর সঙ্গে আপডেট করতে হবে। গত কয়েক বছরে আমরা রাত-দিন তোতা পাখির মতো মুখস্ত করি। এজন্য আমাদের দক্ষতা হয় না। খেলধূলা নেতৃত্বগুণ সৃষ্টি করে। তাই সাব স্কিলের পাশাপাশি টেকনিক্যাল ও ভোকেশনাল দক্ষতা থাকা দরকার। এজন্য আমরা দেশজুড়ে ১৫৬৮টি ট্রেনিং সেন্টার এবং তিন হাজার এসএসও পুল থেকে অনলাইন সার্টিফিকেশন চালু করেছি। দেশীয় চাকরির পাশাপাশি আমরা সম্প্রতি ওভারসিস এমপ্লয়মেন্ট প্লাটফর্ম করেছি। এলোমেলো কিছু না শিখে নিজে যেটা ভালো করবেন সেদিকে ফোকাস করুন। পরদর্শীতার ক্ষেত্র খুঁজে প্রশিক্ষণ নেন। দক্ষতা উন্নয় করলে চাকরি বা ব্যবসায় সব দিকেই সফলতা পাবেন।
এর আগে বক্তব্যে বিডিজবস সিইও ফাহিম মাশরুর বলেন, জুলাই অভ্যূত্থানের পেছনে সবচেয়ে বড় অগ্নুৎপাত ঘটায় একটি বিশেষ গ্রুপের বিপুল সংখ্যক বেকারত্ব। এই গ্রুপটাই হচ্ছে ফ্রেশার। বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী, দেশে বেকারত্বের মোট হার ৪ শতাংশ। তবে ইয়াংদের মধ্যে বেকারত্বের হার ১৭ শতাংশের মতো। প্রাইমারি পাশ শিক্ষার্থীদের মধ্যে বেকাত্বের হার ২ শতাংশ হলেও স্নাতক পাশ বেকারের হার ১৮-১৯ শতাংশের মতো। এখন পড়া-লেখা করে বেকারত্বের হার বেশি। গত এক যুগে বিদেশে শ্রম দিতে যাওয়া গ্রাজ্যুয়েট শ্রমিকের সংখ্যা সাড়ে তিন শতাংশ থেকে ১০ শতাংশে পৌঁছেছে। আমাদের গ্র্যাজুয়েট বেড়ে যাওয়ায় এই বেকারত্ব সৃষ্টি হচ্ছে। তাই এই ডিগ্রিধারীদের বাজর চাহিদা অনুযায়ী ব্যবহারিক শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তোলা দরকার। একইসঙ্গে স্থানীয় থেকে গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক চাকরি বাজারের জন্য প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, জানুয়ারি -ডিসেম্বর মাসে সারা দেশের বিভিন্ন ক্যাম্পাস ও শহরের পাশাপাশি সেক্টর ভিত্তিক চাকরি ১৩টি মেলা করা করেছে বিডিজবস।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিদেশে চাকরি বাজার : সম্ভাবনা ও প্রস্তুতি নিয়ে একটি সেমিনার রয়েছে।
ডিবিটেক/বিডিজেও/ইক







