বাংলাদেশ কম্পিউটার সমিতিতে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কর্মশালা
রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ কম্পিউটার সমিতির ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হলো সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ব্যবহার নিয়ে বিশেষ কর্মশালা। ২৬ অক্টোবর, শনিবার অনুষ্ঠিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন জার্নালিজম: ট্রান্সফর্মিং নিউজরুম ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মো: সাইফুল আলম চৌধুরী।
কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক—বিভিন্ন টুলসের কার্যকরী ব্যবহার, ডিপ রিসার্চ, ডেটা বিশ্লেষণ, নিউজ অটোমেশন, ফ্যাক্ট চেকিং ও নৈতিক ব্যবহার— বিষয়ে জানতে পারেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সদস্যসহ তথ্যপ্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকরা।
প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইটের সৌজন্যে কর্মশালায় বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো: ওয়াহেদুল হাসান দিপু, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান এবং টিএমজিবির সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মঈদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী, কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন, রহিম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন,‘ বিশ্বজুড়ে গণমাধ্যম শিল্প দ্রুত বদলে যাচ্ছে, যেখানে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাংলাদেশের সংবাদকর্মীদেরও এ প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি, যাতে তারা সময়োপযোগী ও তথ্যভিত্তিক সাংবাদিকতা করতে পারেন। গিগাবাইট ও বিসিএসকে আন্তরিক ধন্যবাদ এ ধরণের আয়োজন ও সহযোগিতা করার জন্য।‘
অনুষ্ঠানে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় প্রথাগত সাংবাদিকতায় আমূল পরিবর্তন এসেছে। এখন আধুনিক এআই টুলস ও এআইয়ের যথাযথ ব্যবহার ছাড়া সময়ের সঙ্গে তাল মেলানো সম্ভব হবে না। তবে এআই ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে এআই এর মাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্য আমাদের সামনে অনেক সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে সাংবাদিকদের সবচেয়ে সচেষ্ট থাকতে হবে। এআই ব্যবহার করতে হবে, তবে এআই যেনো আপনাদেরকে ব্যবহার করতে না পারে সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত। আমরা যাতে এ ধরণের আরও আয়োজনে সম্পৃক্ত থাকতে পারি সেই প্রচেষ্টা অব্যহত থাকবে।
এছাড়াও স্মার্ট টেকনোলজিসের প্রডাক্ট ম্যানেজার (গিগাবাইট) তানজিম চৌধুরী বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে কম্পিউটার পণ্য সরবরাহে অগ্রণী ভূমিকা পালন করে আসছে গিগাবাইট। এআই প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় গিগাবাইটও তাদের পণ্যে এআই এর সন্নিবেশসহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে বাজারে আনছে। টিএমজিবির সাথে সাংবাদিকতায় এআই এর ব্যবহার নিয়ে কর্মশালা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও এ ধরণের আয়োজনে আমাদের সহযোগিতা অব্যহত থাকবে।







