প্রযুক্তি সক্ষমতা বাড়িয়ে জিএম ৪০৩এম রাডার স্থাপন করলো বিমান বাহিনী

প্রযুক্তি সক্ষমতা বাড়িয়ে জিএম ৪০৩এম রাডার স্থাপন করলো বিমান বাহিনী
১৭ এপ্রিল, ২০২৫ ০০:১১  
১৭ এপ্রিল, ২০২৫ ১১:১৩  

নিজেদের প্রযুক্তি সক্ষমতা বাড়িয়ে দেশের আকাশ প্রতিরক্ষাকে সমুন্নত করতে  ৭১নং স্কোয়াড্রনে  জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। 

 বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ওই র‌াডার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ-উপকরণ সংযোজন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এই আকাশ প্রতিরক্ষা র‌াডার বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো। 

আইএসপিআর জানায়, এই রাডার উদ্বোধনের মাধ্যমে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমানবাহিনী। নতুন অন্তর্ভুক্ত র‌াডারটি বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যাধুনিক রাডারটি বিমানবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানিয়েছে আইএসপিআর।