সিন্থেটিক ডেটা স্টার্টআপ গ্রেটেল অধিগ্রহণ করলো এনভিডিয়া
চিপ নির্মাতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়া সম্প্রতি গ্রেটেল নামের একটি সিন্থেটিক ডেটা স্টার্টআপ অধিগ্রহণ করেছে বলে জানা গেছে। খবর টেকক্রাঞ্চ।
চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করা না হলেও, সূত্রের বরাতে জানা গেছে যে অধিগ্রহণমূল্য নয়-অঙ্কের (শত কোটি ডলার) বেশি হতে পারে, যা গ্রেটেলের সর্বশেষ ৩২০ মিলিয়ন ডলারের মূল্যায়নকে ছাড়িয়ে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেটেলের প্রায় ৮০ জন কর্মী এনভিডিয়ার দলে যুক্ত হবে, এবং এর প্রযুক্তি এনভিডিয়ার জেনারেটিভ এআই পরিষেবার অংশ হিসেবে ডেভেলপারদের জন্য ব্যবহার করা হবে।
গ্রেটেল প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। এর প্রতিষ্ঠাতারা হলেন অ্যালেক্স ওয়াটসন, ল্যাসজলো বক, জন মায়ার্স, এবং আলি গোলশান। গোলশান কোম্পানিটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্টার্টআপটি বিভিন্ন মডেলের ফাইন-টিউনিং, মালিকানাধীন প্রযুক্তি সংযোজন ও তা প্যাকেজ করে বিক্রির কাজ করত।
অধিগ্রহণের আগে গ্রেটেল অ্যান্থোস ক্যাপিটাল, গ্রেলক এবং মুনশটস ক্যাপিটাল-এর মতো বিনিয়োগকারীদের কাছ থেকে ৬৭ মিলিয়নেরও বেশি ভেঞ্চার ক্যাপিটাল সংগ্রহ করেছিল।
বিশেষজ্ঞরা মনে করছেন, এনভিডিয়ার এই পদক্ষেপ ব্যাপক কৌশলগত এবং সময়োচিত।
ডিবিটেক/বিএমটি







