“বঙ্গবন্ধুর সততা সরকারি কর্মচারীদের প্রেরণা”

১৫ আগষ্ট, ২০২১ ১৭:৪০  
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধুর দেশপ্রেমের চেতনা ও আদর্শকে ধারণ করে সরকারি দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের  সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই শপথ করিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এসময় তিনি বলেন,“বঙ্গবন্ধু অত্যন্ত সৎ ও সহজ সরল জীবন যাপন করতেন, যা সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুসরণীয়। সরকারী কর্মচারীদের নিয়ে তাঁর উদ্বেগ ছিল। তাঁরা জনগনের ট্যাক্সের টাকায় চলে, কিন্তু কাঙ্খিত সেবা দিতে চায় না। এমনকি বঙ্গবন্ধু দুজন সরকারী কর্মকর্তাকে অনৈতিক কর্মকান্ডের জন্য চাকুরী থেকে বরখাস্ত করেছিলেন। সরকারী কর্মচারীদের অপরাধ তিনি প্রশ্রয় দিতেন না। যাঁর আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, তা যেন আমরা ভুলে না যাই। আমরাযেন সৎ ও নিবেদিত প্রাণ হয়ে দায়িত্ব পালন করে বাংলাদেশকে দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত রাখি।” আলোচনা সভা শেষে ১৫ ই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। এদিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আজ শোকাবহ আগস্ট স্মরণে শিশু-কিশোরদের জন্য আয়োজিত কুইজ প্রতিযোগিতা এবং শুদ্ধাচার বিষয়ক রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছে। বিজয়ীদের উদ্দেশ্যে অনলাইন বক্তৃতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন,“বঙ্গবন্ধুর সাহসিকতা ও দেশপ্রেমের তুলনা নেই। বিজয়ী শিক্ষার্থীদের তা’ অন্তরে গ্রথিত করে আগামীতে দেশের কান্ডারী হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।” কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন জুনিয়র গ্রুপে তেজগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ের শেখ মোঃ তাসনিম রহমান, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাঈম আরাফাত এবং কুমিল্লা জেলা স্কুলের আব্দুল হান্নান। সিনিয়র গ্রুপের সৈয়দ নজরুল ইসলাম কলেজের মোঃ মোক্তাদির বিল্লাহ তাহমিদ, নটরডেম কলেজের মোঃতাফহীমুল হাসান ও নটরডেম কলেজের মোঃমাহীন রানা। শুদ্ধাচার  বিষয়ক রচনা প্রতিযোগিতায় সরকারী এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেবশ্রুতী চৌধুরী নদী ১ম, কুষ্টিয়া জেলা স্কুলের আসওয়াদ আহমেদ জীম ২য় ও এস এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের যোবায়ের জামান ৩য় স্থান অধিকার করেন। এছাড়া, ১৫ আগস্টের  শহীদদের রুহের মাগফেরাত কামনা করে আজ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ৩ টি এতিম খানা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ মোট ২৫০ জনকে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।